দ্রুত পাসপোর্ট দেওয়ার নামে প্রতারণা, আগারগাঁওয়ে আটক ৮

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে আটজনকে আটক করেছে র‍্যাব।

সোমবার (১০ আগস্ট) সকাল ৯টা থেকে আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দালাল হিসেবে কাজ করে আসছিলেন। অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করতেন তারা।

অভিযান শেষে র‍্যাব-২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার সাঈদ মাহমুদ বলেন, এ চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

পাসপোর্ট অফিসের বিভাগীয় উপপরিচালক ইসমাইল হোসেন জানান, দালালদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত কয়েক মাসে কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দালালের মাধ্যমে দ্রুত পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে সেবাগ্রহীতাদের তাদের থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *