হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বর এলাকা থেকে একটি গাড়ি তল্লাশি করে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১ হাজার ৮১২ গ্রাম, যা প্রায় ১৫৫ দশমিক ৩৫ ভরি। এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর গোলচত্বর এলাকায় অভিযান চালায় কাস্টমস গোয়েন্দাদের একটি দল। সন্দেহভাজন গাড়িটিকে থামার সংকেত দিলে চালক মো. শামীম মিয়া গাড়ি ফেলে পালিয়ে যান।
পরে অন্য গোয়েন্দা সংস্থার সহায়তায় গাড়িটি তল্লাশি করে স্বর্ণের বার ও পাতগুলো উদ্ধার করা হয়। বিস্তারিত তল্লাশিতে গাড়ি থেকে একটি নতুন আইফোন ১৭ প্রো, দুটি ব্যবহৃত মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, আটটি ডেবিট-ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স ও একটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।
কাস্টমস হাউস, ঢাকার পরীক্ষায় উদ্ধার হওয়া স্বর্ণ ২৪ ক্যারেটের বলে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় চালক শামীম মিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।