এসএসসিতে ৪.১১ জিপিএ, ফল জানার আগেই না ফেরার দেশে রেজা

এসএসসি পরীক্ষায় ৪.১১ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাজী রেজা (১৬)। তবে কাঙ্ক্ষিত ফলাফল জানার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি।

রেজা উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজী বাড়ির কাজী আলফু মিয়ার ছেলে। চলতি বছর সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে হঠাৎ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন রেজা। পরে তার মৃত্যু হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়িতে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সোমবার এসএসসির ফল প্রকাশের পর জানা যায়, রেজা ৪.১১ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। যে ফলাফলের অপেক্ষায় ছিলেন রেজা ও তার পরিবার, সেটি জানার আগেই তার চলে যাওয়া স্বজনদের কাছে আনন্দের মুহূর্তকে বিষাদে পরিণত করেছে।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত রেজার বাবা-মা ও স্বজনরা। তার অকাল মৃত্যুতে শোক নেমে এসেছে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যেও। রেজার অর্জিত ৪.১১ জিপিএ এখন পরিবারের কাছে সাফল্যের পাশাপাশি অশ্রুসিক্ত এক স্মৃতি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *