থানার ভেতর সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, বিএনপি নেতা গ্রেপ্তার

দিনাজপুর কোতয়ালী থানায় দায়িত্ব পালনকালে এক সিআইডি পরিদর্শককে গালিগালাজ, থাপ্পড় ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা কৃষকদলের সদস্য সচিব মো. মজিবর রহমান মজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাতে সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলায় মজিবর রহমানের পাশাপাশি আরও দুই অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ ও তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে থানায় যান সিআইডি কর্মকর্তা নওয়াবুর রহমান। পরে ওসি কক্ষের সামনে এক ব্যক্তি ওসির অবস্থান জানতে চাইলে নওয়াবুর নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন। এ সময় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়।

অভিযোগ করা হয়েছে, প্রতিবাদ করলে মজিবর রহমান তার ডান গালে থাপ্পড় মারেন। পরে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় নওয়াবুর ও পুলিশ পরিবারকে উদ্দেশ করে অশ্লীল মন্তব্য এবং হত্যার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ওসি অভিযুক্ত মজিবর রহমানকে থানা হেফাজতে রাখার নির্দেশ দেন। পরে মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে চলে যান।

কোতয়ালী থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, থানায় দায়িত্ব পালনকালে সিআইডির এক পুলিশ পরিদর্শকের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হওয়ার পর অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *