দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, রড ঢুকে বিচারকের মৃত্যু

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় এক বিচারক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ভোর ৫টার দিকে জামালপুরের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এ কে এম ছামিউল হক (২৭) জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকার লালমাটিয়া থেকে প্রাইভেটকারে করে জামালপুরে ফিরছিলেন বিচারক ছামিউল হক। লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় গাড়িটি। এতে ট্রাকে থাকা রড প্রাইভেটকারের ভেতরে ঢুকে পড়ে এবং ঘটনাস্থলেই বিচারক মারা যান।

দুর্ঘটনায় গাড়িচালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় সেটি সড়কের পাশে রাখা হয়েছিল। পরে চালক ও হেলপার ট্রাকের ভেতরে ঘুমিয়ে পড়েন। এ সময় পেছন থেকে আসা প্রাইভেটকারটি ট্রাকটিতে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বিচারক ছামিউল হকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *