স্ত্রী-সন্তানকে হারিয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন মাইদুল

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে স্ত্রী ও সন্তানকে হারিয়েছেন রাজমিস্ত্রি মাইদুল। একই ঘটনায় শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।

সোমবার (১০ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইদুলের স্ত্রী বিউটি। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাদের ৮ বছর বয়সী সন্তান মারুফ। শিশুটির শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত শুক্রবার সকালে বন্দরের কুড়িপাড়া-চাপাতলী এলাকার একটি ভাড়া বাসায় বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হন পরিবারের তিন সদস্য।

স্বজনরা জানান, নাটোরের বাসিন্দা পরিবারটি কাজের সন্ধানে প্রায় এক বছর আগে নারায়ণগঞ্জে এসে ওই এলাকায় টিনের ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘরের পাশের রান্নাঘরে থাকা তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে গ্যাস বের হয়ে ঘরের ভেতরে জমে যায়। পরে ওই জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, মাইদুলের অবস্থাও সংকটাপন্ন। স্ত্রী ও সন্তানকে হারিয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *