রাজনৈতিক ক্ষতির আশঙ্কা থাকলেও ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধের সিদ্ধান্ত নিতে দ্বিধা করতেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি একই পরিস্থিতির মুখোমুখি হলে আবারও যুদ্ধের পথ বেছে নিতেন বলে জানিয়েছেন তিনি।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সঙ্গে আগের আলোচনাকে সময়ের অপচয় বলেও মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে আলোচনার সময় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হলেও তা অগ্রগতিতে বিলম্ব ঘটায়। তবে ওই আলোচনার মধ্য দিয়ে ওয়াশিংটন বুঝতে পেরেছিল, ইরানের কর্মকর্তাদের বিশ্বাস করা যায় না।
ট্রাম্প বলেন, ‘ওই সময় আমরা তাদের খুব ভালোভাবে চিনেছি। আর বুঝেছি, তাদের বিশ্বাস করা যায় না।’
যুদ্ধ পরিচালনায় নিজের ভূমিকারও সাফাই দেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, দীর্ঘমেয়াদে তাঁর সিদ্ধান্তগুলো ইতিবাচকভাবে মূল্যায়িত হবে।
ট্রাম্প বলেন, ‘যদি আবারও একই পরিস্থিতিতে পড়তে হতো, তাহলে কি একই সিদ্ধান্ত নিতেন? এর উত্তর অবশ্যই হ্যাঁ।’
তিনি স্বীকার করেন, সংঘাত নির্বাচনে প্রভাব ফেলেছে। তবে রাজনৈতিক হিসাব-নিকাশ তাঁর সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলবে না বলে জোর দেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মধ্য দিয়ে সংঘাতের বড় পরিসরে সূচনা হয়। ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং দেশটির সামরিক শক্তি দুর্বল করার লক্ষ্যে হামলা চালায় দুই দেশ। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি, ইসরায়েল এবং কয়েকটি দেশের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালায় ইরান।
এ সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতেও। সেখানে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয়। ১৭ জুন দুই দেশ সংঘাতের অবসান ও বৃহত্তর সমঝোতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকেও সই করে। তবে পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধের জেরে সেই উদ্যোগ ভেঙে পড়ে। আগস্টে সমঝোতার মেয়াদও শেষ হয়।
এরপরও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনা অব্যাহত রয়েছে। নতুন করে সামরিক অভিযান চালানো হবে কি না, তা নিয়ে ট্রাম্প প্রশাসনের বক্তব্যেও অনিশ্চয়তা দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিতে হলে একই পথ বেছে নিতেন বলে মন্তব্য করলেন ট্রাম্প।
সূত্র: আল জাজিরা