বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগের তুলনায় অনেকটাই ভালো আছেন তিনি। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে মেয়ের বাসায় তাঁর সঙ্গে দেখা করে এ খবর জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা।
দীর্ঘদিনের সহকর্মী এই দুই অভিনয়শিল্পী শুধু সাক্ষাৎই করেননি, একসঙ্গে সময় কাটিয়েছেন এবং খাওয়াদাওয়াও করেছেন। তাঁদের সাক্ষাতের কয়েকটি মুহূর্ত নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন রোজিনা।
সেখানে তিনি জানান, বেশ কয়েক মাস ধরে অসুস্থ ইলিয়াস কাঞ্চন লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে মেয়ের বাসায় অবস্থান করছেন এই অভিনেতা। তাঁর শারীরিক অবস্থার উন্নতিতে স্বস্তি প্রকাশ করে রোজিনা লেখেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানিতে, আপনাদের দোয়ায় কাঞ্চন আগের চেয়ে অনেক ভালো আছেন। আমরা একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করলাম। শিগগিরই দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।’
রোজিনার এই পোস্টের পর ইলিয়াস কাঞ্চনের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরেছে। দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে প্রিয় অভিনেতা দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন—এমন প্রত্যাশা করছেন তাঁরা।
উল্লেখ্য, মস্তিষ্কে টিউমার ও ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি। অসুস্থতার কারণে অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকেও দূরে রয়েছেন এই অভিনেতা। তাঁর সুস্থতার খবরে আনন্দিত সহকর্মী ও অনুরাগীরা।