ঢালিউড সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘মহব্বত’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছেই। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন, তা নিয়ে চলছিল নানা আলোচনা। এবার সেই কৌতূহলের অবসান হয়েছে। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিবের নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি।
শুরুতে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিমের নাম আলোচনায় আসে। এমনকি বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত তাঁদের কাউকে নয়, কিনজা হাশমিকেই বেছে নিয়েছেন নির্মাতারা।
প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘মহব্বত’ সিনেমার নায়িকা হিসেবে আগেই কিনজাকে চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে তাঁর সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেছে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান। ফলে সিনেমাটিতে কিয়ারা আদভানির যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন কিনজা হাশমি। অল্প সময়ের মধ্যেই পাকিস্তানের টেলিভিশন নাটকে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন এই অভিনেত্রী।
এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো আলোচিত নাটকে অভিনয় করে জনপ্রিয়তা বাড়ান কিনজা। টেলিছবি ‘রূপোশ’-এও তাঁর উপস্থিতি প্রশংসিত হয়।
টেলিভিশন নাটকের পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’।
এবার শাকিব খানের বিপরীতে ‘মহব্বত’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে কিনজা হাশমির। ফলে ঢালিউডে নতুন এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দুই দেশের দর্শকেরা।