প্রথমবারের মতো হলিউডের অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে জুটি বাঁধছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ‘ব্লুফ্লাই’ নামের সায়েন্স ফিকশন ও অ্যাকশন-থ্রিলার সিনেমায় দেখা যাবে তাঁদের। নিমরোদ আনতাল পরিচালিত ছবিটির শুটিং শুরু হয়েছে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। এতে আরও অভিনয় করছেন মাইকেল চিকলিস ও ড্যানিয়েল ম্যাকফারসন।
সিনেমাটিতে মাইলা রিস নামে জাতিসংঘের একজন অনুবাদকের চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। অন্যদিকে রাসেল ক্রোকে দেখা যাবে বেনি নামে সাবেক এক পাইলটের ভূমিকায়। কঙ্গোর গভীর জঙ্গলে একটি রহস্যময় সামরিক উড়োজাহাজ উদ্ধারের গোপন অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। সেই অভিযানে যুক্ত হন মাইলা ও বেনি। কিন্তু অভিযান যত এগোয়, ততই সামনে আসতে থাকে অজানা বিপদ ও রহস্য। একপর্যায়ে বেঁচে থাকার লড়াইয়ে নামতে হয় তাঁদের।
প্রিয়াঙ্কার জন্য চরিত্রটি বেশ আলাদা। এর আগে ‘সিটাডেল’ ও ‘দ্য ব্লাফ’-এর মতো কাজে অস্ত্র হাতে অ্যাকশন দৃশ্যে দেখা গেছে তাঁকে। তবে এবার তাঁর প্রধান শক্তি অস্ত্র নয়, ভাষা।
সম্প্রতি ‘হলিউড রিপোর্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, জাতিসংঘের অনুবাদকদের কাজের প্রতি আগ্রহ থেকেই চরিত্রটি বেছে নেওয়া। প্রায় ১৫ বছর ধরে ইউনিসেফের সঙ্গে কাজ করার সুবাদে বিভিন্ন জাতিসংঘের অনুবাদকের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে তাঁর। যুদ্ধবিধ্বস্ত এলাকায় তাঁদের সাহসিকতা ও দায়িত্ব পালনের অভিজ্ঞতা মুগ্ধ করেছে অভিনেত্রীকে।
প্রিয়াঙ্কার ভাষায়, অনুবাদকের কাজ শুধু একটি ভাষার শব্দ অন্য ভাষায় রূপান্তর করা নয়; বরং বক্তার বক্তব্যের অন্তর্নিহিত অর্থ ও উদ্দেশ্য যথাযথভাবে তুলে ধরাও এর অংশ। তাই চরিত্রটির প্রতি সুবিচার করতে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ জন্য ভাষা প্রশিক্ষকের কাছে সোয়াহিলি, জুলু ও লিঙ্গালা ভাষার সংলাপ শিখছেন।
নিজের ভাষা ও সংস্কৃতির ভুল উপস্থাপন নিয়ে সচেতন প্রিয়াঙ্কা মনে করেন, পর্দায় অন্য সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রেও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। চরিত্রটির মধ্যে কোমলতা ও মানবিক দিক খুঁজে পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
অ্যাকশন দৃশ্যে অস্ত্র হাতে অভিনয় প্রসঙ্গে মজা করে প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমার হাতে অস্ত্র থাকলে আমাকে ভালোই দেখায়।’ তবে ‘ব্লুফ্লাই’-এ তিনি অস্ত্রের পরিবর্তে ভাষার মাধ্যমে নিজের শক্তি প্রকাশ করতে চান।
এদিকে দীর্ঘ বিরতির পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা। এসএস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ সিনেমায় মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয় করছেন তিনি। এতে মান্দাকিনি চরিত্রে দেখা যাবে তাঁকে। আগামী ৭ এপ্রিল ২০২৭ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া অরল্যান্ডো ব্লুমের বিপরীতে ‘রিসেট’ নামের একটি সারভাইভাল থ্রিলারেও অভিনয়ের কথা রয়েছে প্রিয়াঙ্কার। অন্যদিকে রাসেল ক্রোকে সামনে দেখা যাবে ‘আনঅ্যাবোম্বার’, ‘দ্য ওয়েট’ ও ‘বিলিয়ন ডলার স্পাই’ সিনেমায়। পাশাপাশি অ্যামাজন এমজিএমের ‘হাইল্যান্ডার’ সিনেমার নতুন সংস্করণেও অভিনয় করছেন তিনি।
সব মিলিয়ে নতুন সিনেমা ‘ব্লুফ্লাই’ ঘিরে দুই তারকার ব্যস্ততা ও প্রস্তুতি এখন আলোচনায়। বিশেষ করে অস্ত্রের বদলে ভাষাকে শক্তি হিসেবে তুলে ধরার প্রিয়াঙ্কার নতুন চরিত্রটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।