বলিউড অভিনেত্রী নেহা শর্মার জীবনে অভিনয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে ভ্রমণ। কখনো সমুদ্রের ধারে, কখনো বরফে ঢাকা ইউরোপের পথে—ঘুরে বেড়াতে ভালোবাসেন তিনি। ভ্রমণের নানা মুহূর্তের ছবি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।
পর্দায়ও নানা চরিত্রে নিজেকে তুলে ধরেছেন নেহা। তেলেগু সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু তাঁর। এরপর ইমরান হাশমির সঙ্গে বলিউডে অভিষেক। কখনো প্রেমের গল্পের নায়িকা, আবার কখনো আদালতের লড়াইয়ে আইনজীবীর চরিত্রে দেখা গেছে তাঁকে।
আজ ২১ নভেম্বর নেহা শর্মার জন্মদিন। ৩৯ বছরে পা দিয়েছেন এই অভিনেত্রী। ১৯৮৭ সালের ২১ নভেম্বর ভারতের বিহারের ভাগলপুরে জন্ম তাঁর। অভিনয়ে আসার আগে দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজিতে ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করেন তিনি।
২০০৭ সালে পুরী জগন্নাথ পরিচালিত তেলেগু সিনেমা ‘চিরুথা’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় নেহার। এতে সঞ্জনা চরিত্রে অভিনয় করেন তিনি। সিনেমাটিতে তাঁর বিপরীতে ছিলেন রাম চরণ। এরপর ২০১০ সালে মোহিত সুরির থ্রিলার সিনেমা ‘ক্রুক’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন নেহা। এতে ইমরান হাশমির বিপরীতে সুহানি চরিত্রে অভিনয় করেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন, ফ্যাশন ও ভ্রমণের কারণেও আলোচনায় থাকেন নেহা। জন্মদিনের ছয় দিন পর মুক্তি পাওয়ার কথা রয়েছে তাঁর নতুন পাঞ্জাবি সিনেমা ‘সঞ্জোগ’।
জন্মদিন উপলক্ষে পর্দায় ও পর্দার বাইরে নেহা শর্মার জীবনের নানা মুহূর্ত নিয়ে সাজানো হয়েছে ২০টি ছবি। এতে উঠে এসেছে তাঁর শৈশব, অভিনয়জীবনের শুরু, সিনেমার বিভিন্ন চরিত্র এবং ভ্রমণের স্মরণীয় মুহূর্ত।