মাতৃত্বের স্বাদ পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। নতুন অতিথিকে ঘিরেই এখন কাটছে অভিনেত্রীর সময়। বদলে গেছে তাঁর প্রতিদিনের রুটিন ও ব্যস্ততা।
মা হওয়ার খবর জানিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘মা হয়েছি। কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু কারণে তারিখটা বলতে চাই না।’
মাতৃত্বের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেত্রী বলেন, জীবনের এই সময়ের জন্য বহু প্রতীক্ষা করেছেন তিনি। সন্তানকে প্রথম দেখা ও স্পর্শ করার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এখন ছেলের ঘুমানো ও খাওয়ার সময়ের সঙ্গে মিলিয়েই চলছে তাঁর দৈনন্দিন রুটিন। কখনো কখনো দুই ঘণ্টা ঘুমানোর সময়ও পান না।
সন্তানের জন্মের পর প্রথম দুই দিন ছেলেকে ঠিকমতো দেখতে পারেননি মৌসুমী। পরে ভালোভাবে দেখার পর তাঁর মনে হয়েছে, ছেলের চেহারায় নিজের ছাপ রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম দিন বুঝতে পারছিলাম, নড়াচড়া করছে। হাত-পা নাড়াচ্ছে। পরে যখন ভালো করে দেখলাম, তখন দেখি ছেলে আমার মতো হয়েছে।’
ছেলে যেন সুস্থ ও ভালো থাকে, এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।
মা হওয়ার এই সময়ে স্বামী আবদুল ওয়াদুদ, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছেন মৌসুমী। তাঁদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।
গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী। সে সময় স্বামী আবদুল ওয়াদুদকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা জানিয়ে মৌসুমী বলেছিলেন, ১৪ বছরের পরিচয় ও বন্ধুত্বের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও কাজ করেছেন তিনি।
তবে আপাতত অভিনয় থেকে বিরতি নিয়ে সন্তানকে সময় দিতে চান অভিনেত্রী। তাঁর ভাষ্য, নিয়মিত অভিনয়ের প্রস্তাব পেলেও এখন ছেলেকে নিয়েই থাকতে চান। কয়েক মাস বিরতির পর আবারও অভিনয়ে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।