দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে তিন শতাধিক বছরের পুরোনো জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে। দিঘির কোলঘেঁষে নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে বসেছিল এবারের বর্ণিল আয়োজন।
হানিফ সংকেতের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ২৭ নভেম্বর (শুক্রবার)। দিঘির স্বচ্ছ জলরাশি, প্রাচীন স্থাপনার আবহ ও নান্দনিক আলোকসজ্জায় সাজানো হয়েছিল অনুষ্ঠানের মঞ্চ। আয়োজন ঘিরে জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন হাজারো দর্শক।
এবারের পর্বে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের গান। এর মধ্যে জয়পুরহাটের কৃতী সন্তান খ্যাতনামা সংগীতশিল্পী খুরশীদ আলম তাঁর শ্রোতাপ্রিয় তিনটি গানের সংকলন পরিবেশন করেছেন। এ ছাড়া চলমান ‘নজরুল বর্ষ’ উদ্যাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারি।
জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে তুলে ধরতে পরিবেশিত হয়েছে বিশেষ জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
অনুষ্ঠানের দর্শকপর্বে জয়পুরহাটকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত করা হয় চারজন দর্শককে। দ্বিতীয় পর্বে তাঁরা স্থানীয় ভাষায় অভিনয় করেন জেলার দুটি ব্র্যান্ডিং পণ্য ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে তৈরি নাট্যাংশে।
এবারের আয়োজনে জয়পুরহাটের সমৃদ্ধ কৃষি, পোল্ট্রি শিল্প, ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে থাকছে তথ্যভিত্তিক বিশেষ প্রতিবেদন। পাশাপাশি রয়েছে জেলার বাক্প্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রাম ও অনুপ্রেরণার গল্প। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে নিজেদের নীরবতাকে শক্তিতে পরিণত করেছেন তাঁরা।
এ ছাড়া জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের শিল্পী প্রসেনজিৎ বর্মনের ওপর থাকছে বিশেষ প্রতিবেদন। মাটির ক্যানভাসে ছাই দিয়ে অবিশ্বাস্য সব প্রতিকৃতি তৈরি করেন তিনি।
অনুষ্ঠানের শেষ দিকে তুলে ধরা হবে যশোরের কেশবপুর উপজেলার লেয়াকত আলীর মানবিক কর্মকাণ্ড। পেশায় ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী হলেও দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসায় নীরবে সহায়তা করে যাচ্ছেন তিনি।
এবারের পর্বে আরও থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপ, নিয়মিত চিঠিপত্র পর্ব এবং সামাজিক অসংগতি ও সমসাময়িক বিষয় নিয়ে বেশ কিছু ব্যঙ্গাত্মক নাট্যাংশ। দেয়ালবন্দী নাগরিক জীবন, সেলফি সংস্কৃতি, অনলাইন প্রতারণা, কনটেন্ট ক্রিয়েটরদের কর্মকাণ্ড, তোষামোদ, ইয়েস স্যার কালচার, ডিজিটাল ট্রলসহ নানা বিষয় উঠে আসবে এসব পরিবেশনায়।
অনুষ্ঠানে আরও অভিনয় করেছেন সোলায়মান খোকা, মাসুম বাশার, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, মিলি বাশার, বড়দা মিঠু, জিল্লুর রহমান, আবু হেনা রনি, আনন্দ খালেদসহ অনেকে।
ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।
বরাবরের মতো অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। আগামী ২৭ নভেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ‘ইত্যাদি’র এবারের পর্ব।