ছোট পর্দার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ। একসময় তাঁদের জুটির নাটক দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তবে একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে তৈরি হওয়া দূরত্বের কারণে দীর্ঘ তিন বছরের বেশি সময় একসঙ্গে কোনো নাটকে দেখা যায়নি তাঁদের। অবশেষে পুরোনো অভিমান ভুলে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন এই দুই অভিনয়শিল্পী।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’ দিয়ে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন জোভান ও ফারিণ। সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। শুটিং ইউনিট থেকে দুজনের একসঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নতুন নাটকের খবর জানিয়েছেন নির্মাতা নিজেই।
জোভান ও ফারিণের মধ্যে দূরত্বের সূত্রপাত ২০২৩ সালে। ‘জানেমান তুই আমার’ নাটকের প্রচারকে কেন্দ্র করে ফারিণের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন জোভান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কারও নাম উল্লেখ না করে তিনি অভিযোগ করেন, ওয়েব প্ল্যাটফর্মে কাজ করা অনেক অভিনয়শিল্পী টেলিভিশন নাটককে অবজ্ঞার চোখে দেখেন।
ওই পোস্টে জোভান আক্ষেপ করে জানিয়েছিলেন, ‘জানেমান তুই আমার’ নাটক মুক্তি পেলেও সংশ্লিষ্ট অভিনেত্রীর পক্ষ থেকে সেটির প্রচারে তেমন আগ্রহ দেখা যায়নি। অথচ ওটিটির কাজ নিয়ে নিয়মিত প্রচার চালানো হচ্ছে। তাঁর এই মন্তব্যের পর অনেকেই বিষয়টিকে তাসনিয়া ফারিণকে উদ্দেশ করে দেওয়া বক্তব্য হিসেবে দেখেছিলেন।
বিষয়টি নিয়ে তখন বিস্ময় প্রকাশ করেছিলেন ফারিণ। তাঁর বক্তব্য ছিল, নাটকের মাধ্যমেই অভিনয়জীবন শুরু করেছেন তিনি। তাই টেলিভিশন নাটককে ছোট করে দেখার কোনো প্রশ্নই আসে না। যদিও তাঁদের মধ্যে প্রকাশ্যে বড় কোনো বিরোধ দেখা যায়নি, তারপরও পরবর্তী সময়ে আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি এই জুটিকে।
দীর্ঘ বিরতির পর এবার ‘প্রাণ সখিয়া’ নাটকের মাধ্যমে সেই দূরত্ব ঘুচতে যাচ্ছে। ফলে নতুন নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এদিকে শুধু জোভানের সঙ্গেই নয়, দীর্ঘদিন পর টেলিভিশন নাটকেও ফিরছেন তাসনিয়া ফারিণ। ওয়েব কনটেন্ট ও সিনেমায় ব্যস্ততা বাড়ার কারণে ছোট পর্দায় তাঁর উপস্থিতি কমে গিয়েছিল। গত রোজার ঈদে শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে সিনেমাটি প্রত্যাশিত সাফল্য পায়নি।
চলতি মাসে ‘ডাকাতিয়া বাঁশি’ নামের একটি ওয়েব সিরিজের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরেছেন ফারিণ। ইমরাউল রাফাত পরিচালিত সিরিজটি বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সব মিলিয়ে ‘প্রাণ সখিয়া’ জোভান ও ফারিণের নতুন কাজের পাশাপাশি তাঁদের দীর্ঘদিন পর একসঙ্গে ফেরার ঘটনাকেও বিশেষভাবে সামনে নিয়ে এসেছে। এখন দর্শকদের অপেক্ষা, পর্দায় এই জনপ্রিয় জুটির নতুন রসায়ন কেমন হয়।