হলিউডের স্পষ্টভাষী অভিনেত্রী হিসেবে পরিচিত জেনিফার লরেন্স। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয়ের অভিজ্ঞতা—বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলতে পছন্দ করেন তিনি। এবার পর্দায় কোন সহশিল্পীর সঙ্গে চুম্বনদৃশ্যের অভিজ্ঞতা সবচেয়ে ভালো ছিল, তা জানিয়ে আলোচনায় এসেছেন অস্কারজয়ী এই অভিনেত্রী।
১৯ নভেম্বর প্রচারিত অ্যান্ডি কোহেনের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিফার। তাঁর সঙ্গে ছিলেন ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ ছবির অভিনেতা জশ হাচারসন। অনুষ্ঠানে সিনেমার বাইরের নানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে জেনিফারের পর্দার চুমুর অভিজ্ঞতার বিষয়টি।
অনুষ্ঠানে জেনিফারকে কয়েকজন সহশিল্পীর সঙ্গে চুম্বনদৃশ্যের অভিজ্ঞতা ভালো থেকে খারাপ—এভাবে সাজাতে বলা হয়। তালিকায় ছিলেন জশ হাচারসন, লিয়াম হেমসওর্থ, ব্র্যাডলি কুপার, টিমোথি শ্যালামে ও ক্রিস প্র্যাট।
জেনিফারের তালিকায় সবার ওপরে রয়েছেন জশ হাচারসন। অর্থাৎ পর্দায় চুম্বনের অভিজ্ঞতায় এই অভিনেতাকেই সবচেয়ে এগিয়ে রেখেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন লিয়াম হেমসওর্থ। এরপর যথাক্রমে ব্র্যাডলি কুপার ও টিমোথি শ্যালামে। তালিকার একেবারে শেষ দিকে রেখেছেন ক্রিস প্র্যাটকে।
‘দ্য হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির ‘ক্যাচিং ফায়ার’ ছবিতে জশ হাচারসনের সঙ্গে অভিনয় করেছেন জেনিফার। সিরিজের আরেক ছবি ‘মকিংজে—পার্ট ওয়ান’-এ তাঁর সহশিল্পী ছিলেন লিয়াম হেমসওর্থ। অন্যদিকে ‘সিলভার লাইনিংস প্লেবুক’ ও ‘সেরেনা’ ছবিতে ব্র্যাডলি কুপারের সঙ্গে এবং ‘ডোন্ট লুক আপ’ ছবিতে টিমোথি শ্যালামের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ‘প্যাসেঞ্জার্স’ ছবিতে তাঁর বিপরীতে ছিলেন ক্রিস প্র্যাট।
অনুষ্ঠানে শুধু পর্দার চুমু নিয়েই নয়, ব্যক্তিগত শারীরিক পরিবর্তন নিয়েও কথা বলেছেন জেনিফার। নিজের স্তন প্রতিস্থাপনের বিষয়টি স্বীকার করে অভিনেত্রী জানান, তাঁর স্তনে ইমপ্লান্ট রয়েছে এবং সেগুলো নতুন।
এ ছাড়া ‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজে ক্যাটনিস এভারডিন চরিত্রে অভিনয়ের সময় ব্যবহৃত ধনুক-তিরের বর্তমান অবস্থান নিয়েও আলোচনা হয় অনুষ্ঠানে। ক্যাটনিস চরিত্রটির অন্যতম পরিচিত অনুষঙ্গ ছিল এই ধনুক-তির।
ব্যক্তিগত বিষয় নিয়ে অকপট মন্তব্য এবং সহশিল্পীদের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছেন জেনিফার লরেন্স।