ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর পার্ক করে রাখা গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। একটি ম্যাটাডোরের ধাক্কায় তার গাড়ির পেছনের বাঁ পাশের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। একই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার এক বন্ধুর গাড়িও। তবে সৌভাগ্যক্রমে দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে কিংবা ঘটনাস্থলে ছিলেন না অভিনেত্রী। ফলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে অভিনেত্রীর বাড়ির সামনেই এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় একটি গণমাধ্যমকে ঋতুপর্ণা জানান, দুর্ঘটনার সময় তিনি বাড়ির ভেতরে ছিলেন। হঠাৎ বাইরে থেকে বিকট শব্দ শুনতে পান। পরে বাড়ির কর্মীদের সঙ্গে বাইরে এসে দেখেন, একটি ম্যাটাডোর তার পার্ক করে রাখা গাড়িতে সজোরে ধাক্কা দিয়েছে।
ধাক্কার তীব্রতায় গাড়িটির পেছনের বাঁ পাশের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে পাশে থাকা তার এক বন্ধুর গাড়িও ক্ষতির মুখে পড়ে। দুর্ঘটনার ভয়াবহতা দেখে উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রী। তার ভাষ্য, ওই সময় ঘটনাস্থলে কোনো মানুষ উপস্থিত থাকলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত।
দুর্ঘটনার পরপরই ম্যাটাডোরের চালককে আটক করেন তারা। চালক যাতে পালিয়ে যেতে না পারেন, সে জন্য গাড়ির চাবিও নিয়ে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি গাড়িটির অনুমোদিত চালক নন। তিনি একটি ক্যাটারিং সার্ভিসের কর্মী।
ঋতুপর্ণার দাবি, জিজ্ঞাসাবাদের সময় ওই চালক নিজেই স্বীকার করেন, তার বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। এমনকি কোনো ধরনের অনুমতি ছাড়াই তিনি ম্যাটাডোরটি চালাচ্ছিলেন। এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে অভিনেত্রী বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীনতা যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।
সড়কে গাড়ি চালানোর ক্ষেত্রে প্রত্যেকের দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। কারণ চালকের সামান্য অসতর্কতা কিংবা নিয়ম না মানার কারণে শুধু সম্পদের ক্ষতিই নয়, মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে।
দুর্ঘটনায় গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অক্ষত রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে ঘটনাটি আবারও সড়কে দায়িত্বহীনভাবে গাড়ি চালানোর ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছে।