ক্তির পর বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে রণবীর কাপুর ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ’। বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহের পাশাপাশি ছবিটি নিয়ে তৈরি হয়েছে বিতর্কও। এবার সিনেমাটির প্রদর্শন বন্ধ এবং সেন্সর সনদ বাতিলের দাবি জানিয়েছে ভারতের ধর্মীয় সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সংগঠনটির অভিযোগ, সিনেমায় রাবণকে মহিমান্বিত করা হয়েছে এবং রামায়ণের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। ছবিতে রাবণকে দলিত, শোষিত ও বঞ্চিত মানুষের ত্রাতা হিসেবে তুলে ধরে গৌরবান্বিত করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
ভিএইচপির আরও অভিযোগ, রামায়ণের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা সিনেমায় বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অহল্যার উদ্ধার, নিষাদরাজ গুহের সঙ্গে রামের বন্ধুত্ব এবং কেবটের ভক্তির মতো বিষয়।
সংগঠনটির ভাষ্য, ঋষি-মুনিদের যজ্ঞ ও আধ্যাত্মিক সাধনায় বাধা সৃষ্টিকারী রাক্ষসদের বিনাশ করাই ছিল রামের অন্যতম উদ্দেশ্য। কিন্তু সিনেমায় সেই বিষয়টি যথাযথভাবে তুলে না ধরে স্ত্রীকে অপহরণের প্রতিশোধ নেওয়ার ব্যক্তিগত লড়াই হিসেবে উপস্থাপন করা হয়েছে।
এসব অভিযোগ তুলে নিজেদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের দাবি জানিয়েছে ভিএইচপি। একই সঙ্গে সিনেমাটির প্রদর্শন বন্ধ করার পাশাপাশি এর সেন্সর সনদ বাতিলের দাবি তুলেছে সংগঠনটি।
নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ প্রথম পর্ব মুক্তি পায় গত ৫ নভেম্বর। মুক্তির ১৭ দিনে, অর্থাৎ ২১ নভেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৬১৬ কোটি ৭০ লাখ রুপি। এর মধ্যে শুধু ভারতের বাজার থেকেই নিট আয় হয়েছে ৯০৬ কোটি ৯০ লাখ রুপি।
সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, রাবণের চরিত্রে যশ এবং সীতার চরিত্রে সাই পল্লবী। এ ছাড়া লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে এবং হনুমানের চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল।