শেষ মুহূর্তে এসে পিছিয়ে গেল দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দান্না অভিনীত নতুন সিনেমা ‘মাইসা’র মুক্তি। আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও আপাতত সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন নির্মাতারা। দর্শকদের বড় পর্দায় সেরা অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
নির্মাতাদের ভাষ্য, সিনেমার মানের সঙ্গে কোনো ধরনের আপস করতে চান না তাঁরা। তাই সব কাজ নিখুঁতভাবে শেষ করতেই মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। তবে নতুন মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, আগামী ১১ ডিসেম্বর তারিখটি বিবেচনায় রয়েছে।
এদিকে ‘মাইসা’র মুক্তি পেছানোর ঘটনায় তেলুগু চলচ্চিত্রশিল্পের সেন্সর প্রক্রিয়া নিয়েও আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, মুক্তির অন্তত দুই সপ্তাহ আগে সিনেমার চূড়ান্ত কপি জমা দেওয়ার নির্দেশনা দিচ্ছে সেন্সর বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, মুক্তির একেবারে কাছাকাছি সময়ে চূড়ান্ত কপি জমা দিলে সেন্সর ছাড়পত্র পেতে জটিলতা তৈরি হতে পারে।
বোর্ডের লক্ষ্য, সম্পাদনা, সাউন্ড মিক্সিং ও ভিএফএক্সসহ সব কারিগরি কাজ শেষ করে পূর্ণাঙ্গ সিনেমা আগেভাগেই জমা দেওয়া নিশ্চিত করা। তবে ‘মাইসা’র মুক্তি পেছানোর পেছনে সেন্সর বোর্ডের এই নির্দেশনা কাজ করেছে কি না, তা নির্মাতারা নিশ্চিত করেননি।
অন্যদিকে আন্তর্জাতিক বাজারের হিসাবও রয়েছে। ২৭ নভেম্বর মুক্তি পেলে যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং ছুটির সপ্তাহের সঙ্গে মিলে যেত সিনেমাটির মুক্তি। এ সময় অনেক দর্শক ছুটির পরিকল্পনায় ব্যস্ত থাকেন। ফলে প্রেক্ষাগৃহে সিনেমাটির ব্যবসায়িক সম্ভাবনা কিছুটা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল।
তবে নতুন মুক্তির তারিখ নির্ধারণ করাও সহজ নয়। ১১ ডিসেম্বর মুক্তি পেলে ‘মাইসা’কে হলিউডের বড় বাজেটের সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় পড়তে হতে পারে। বিশেষ করে ‘ডিউন’ ও ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ঘিরে দর্শকদের আগ্রহের কারণে বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে। ডিসেম্বরেও মুক্তি সম্ভব না হলে সংক্রান্তি উৎসবের পর নতুন সময় বেছে নিতে পারেন নির্মাতারা।
রাশমিকা অভিনীত ‘মাইসা’ একটি অ্যাকশনধর্মী সিনেমা। এতে গন্ড আদিবাসী সম্প্রদায়ের এক নারীর চরিত্রে দেখা যাবে তাঁকে। আপাতত নির্মাতাদের নতুন ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। তাঁদের আশা, বাড়তি সময় নিয়ে তাড়াহুড়ো ছাড়াই দর্শকদের জন্য ভালো একটি সিনেমা উপহার দিতে পারবেন নির্মাতারা।