বাংলার লোকসংগীতের সমৃদ্ধ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। কিংবদন্তি সাধক ও গীতিকারদের কালজয়ী লোকগান সমসাময়িক সংগীতায়োজনে নতুনভাবে উপস্থাপন করছে প্রতিষ্ঠানটি।
বাংলার লোকসংগীতের ভাণ্ডার থেকে বাছাই করা গান নিয়ে সাজানো হয়েছে এই বিশেষ আয়োজন। এতে স্থান পেয়েছে শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, আরকুম শাহ, খালেক দেওয়ান, চিশতী বাউল ও বাউল হুমায়ুন কবিরের লেখা ও সুর করা গান।
আয়োজনটিতে কণ্ঠ দিয়েছেন বর্তমান প্রজন্মের ছয় সংগীতশিল্পী। তাঁরা হলেন চিশতী বাউল, আশিক, তসিবা বেগম, খাইরুল ওয়াসী, রাজিব হোসাইন ও শারমিন। তাঁদের কণ্ঠে পুরোনো দিনের লোকজ গান নতুন সংগীতায়োজনে শ্রোতাদের সামনে তুলে ধরা হচ্ছে।
প্রকল্পটির সংগীত পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন তরিক আল ইসলাম। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।
আয়োজকদের প্রত্যাশা, নতুন সংগীতায়োজনের মাধ্যমে লোকসংগীতের চিরন্তন আবেদন সমসাময়িক শ্রোতাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। একই সঙ্গে বাংলার লোকজ সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের পরিচিতিও বাড়বে।