মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের ঐতিহ্যের পাশাপাশি মাতৃত্বের চিরন্তন ভালোবাসার গল্প তুলে ধরতে যাচ্ছেন সামিরা খান মাহি। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার ন্যাশনাল কস্টিউম পর্বে টাঙ্গাইলের লাল পাড়ের সাদা শাড়ি ও সোনার গয়নায় দেখা যাবে তাঁকে। তাঁর পোশাকের মূল ভাবনা ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’।
পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হচ্ছে এবারের মিস ইউনিভার্সের আয়োজন। বাংলাদেশ সময় আগামীকাল ২২ নভেম্বর ভোর ৫টায় শুরু হবে ন্যাশনাল কস্টিউম পর্ব। এশিয়া-ওশেনিয়া গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মঞ্চে উঠবেন মাহি।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে ন্যাশনাল কস্টিউমের ভাবনা তুলে ধরেন এই সুন্দরী। সেখানে তিনি লেখেন, ‘পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা আমাদের আগলে রাখে, তার নাম মা। আর যে মাটির বুকে আমরা বেড়ে উঠি, যে মাটি আমাদের দেয় শিকড় ও পরিচয়, তার নাম মাতৃভূমি।’
নিজের পোশাকের থিম সম্পর্কে মাহি আরও জানান, বাংলাদেশের অনুপ্রেরণায় তৈরি এই কস্টিউম পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রতি শ্রদ্ধাঞ্জলি। মা ও সন্তানের চিরন্তন বন্ধন, জন্মের বিস্ময়, সীমাহীন মমতা, নীরব ত্যাগ এবং আজীবন আগলে রাখার প্রতিশ্রুতি—সবকিছুই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এতে।
মাহির ভাষায়, কস্টিউমের প্রতিটি নকশা ও প্রতীক মাতৃত্বের এমন এক গল্প বহন করছে, যা ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমানা পেরিয়ে পৃথিবীর প্রতিটি মানুষের হৃদয় ছুঁতে পারে।
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি ও সোনার গয়নার মাধ্যমে বাঙালি সংস্কৃতির পরিচয় তুলে ধরার পাশাপাশি মাতৃত্বের সর্বজনীন বার্তা পৌঁছে দেওয়াই মাহির এই আয়োজনের মূল উদ্দেশ্য। এবার বিশ্বমঞ্চে তাঁর এই উপস্থাপনা কতটা সাড়া ফেলে, সেটিই এখন দেখার অপেক্ষা।