বলিউড সুপারস্টার সালমান খানের তারকাখ্যাতি বিশ্বজুড়ে। তবে পর্দার বাইরেও তাঁর আন্তরিকতা ও সহজ-সরল আচরণ মুগ্ধ করে সহকর্মীদের। এবার শুটিং সেটে প্রায় ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি তৈরি করে আলোচনায় এসেছেন এই অভিনেতা। শুধু খাবার তৈরি নয়, নিজ হাতে সবার মধ্যে তা পরিবেশনও করেছেন তিনি।
সম্প্রতি ‘মাতৃভূমি’ ছবির শুটিংয়ের এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন সালমানের সহ-অভিনেত্রী হীরা সোহাল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সালমানের সঙ্গে কাজ করা তাঁর কাছে স্বপ্ন পূরণের মতো।
হীরা জানান, একদিন ছবির পুরো দল একসঙ্গে খেতে বসেছিল। সেদিন সালমান নিজেই প্রায় ২০ জনের জন্য ভেলপুরি তৈরি করেন। পরে সবাইকে নিজ হাতে খাবার পরিবেশন করেন। খাবারের স্বাদ ঠিক হয়েছে কি না, তা নিয়েও বারবার খোঁজ নিচ্ছিলেন তিনি।
হীরার মতে, এত বড় মাপের একজন তারকাকে নিজের হাতে এতজনের জন্য খাবার তৈরি করতে দেখা ছিল অবাক হওয়ার মতো অভিজ্ঞতা। সালমানের এই আন্তরিকতা ও বিনয় তাঁর মনে গভীর ছাপ ফেলেছে।
শুধু খাবার তৈরি করেই নয়, শুটিং সেটে সহশিল্পী ও কলাকুশলীদের প্রতিও যত্নশীল সালমান। সবার ছোটখাটো বিষয়েও খেয়াল রাখেন তিনি। পাশাপাশি তাঁর পেশাদারত্ব ও কাজের প্রতি মনোযোগ থেকেও অনেক কিছু শেখার রয়েছে বলে জানান হীরা।
সালমানের কাছ থেকে আরও একটি উপহার পেয়েছেন ছবির সঙ্গে যুক্ত ব্যক্তিরা। হীরা জানান, শুটিংয়ে অংশ নেওয়া সবাইকে ঘড়ি উপহার দিয়েছেন অভিনেতা। কাপুর ওয়াচ কোম্পানি থেকে সংগ্রহ করা এসব ঘড়ির প্রতিটির আনুমানিক দাম ২ লাখ থেকে ৬ লাখ টাকা।
অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ ছবিতে সালমান খানের পাশাপাশি অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। যুদ্ধক্ষেত্রের বাইরের সেনাসদস্যদের জীবন ও তাঁদের নানা অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে ছবিটিতে।