দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ছোট পর্দার নাটকে ফিরছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নতুন একটি নাটকে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় নাটকটির নাম ‘প্রাণ সখিয়া’।
সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। শুটিং সেট থেকে ফারিণ ও জোভানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নাটকটির খবর জানিয়েছেন নির্মাতা রাজ। এই নাটকের মধ্য দিয়ে তিন বছরের বেশি সময় পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে ফারিণ ও জোভানকে।
ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়ার পর নিয়মিত নাটকে দেখা যায়নি ফারিণকে। সর্বশেষ গত রোজার ঈদে শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমাটি প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর কিছুটা আড়ালে ছিলেন এই অভিনেত্রী।
তবে চলতি মাসে ইমরাউল রাফাত পরিচালিত ‘ডাকাতিয়া বাঁশি’ ওয়েব সিরিজের মাধ্যমে আবারও অভিনয়ে ফেরেন ফারিণ। চলতি বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে একসময় জোভান ও ফারিণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। এরপর দীর্ঘ সময় তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি। সেই বিরতি কাটিয়ে ‘প্রাণ সখিয়া’ নাটকের মাধ্যমে আবারও জুটি হিসেবে ফিরছেন তাঁরা।