বৈচিত্র্যময় ফ্যাশন ও গ্ল্যামারাস উপস্থিতিতে প্রায়ই ভক্তদের চমকে দেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। বিভিন্ন সময়ে নতুন নতুন সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হন তিনি। এবার কনের সাজে ধরা দিয়ে অনুরাগীদের মুগ্ধ করেছেন এই অভিনেত্রী। তাঁর ব্রাইডাল লুকের ভিডিও প্রকাশের দুই দিনেই ২২ লাখ ভিউ ছাড়িয়েছে।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন পূর্ণিমা। এতে তাঁকে দেখা গেছে গাঢ় লাল শাড়িতে। সোনালি নকশার কাজ করা শাড়ির পাড়ের সঙ্গে মাথায় রয়েছে একই রঙের ওড়না। কপালে টিকলি, গলায় একাধিক সোনালি গয়না, কানে দুল এবং হাতে লাল-সোনালি চুড়িতে পূর্ণতা পেয়েছে তাঁর কনের সাজ। পরিপাটি মেকআপে পুরো সাজে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী আবহ।
ভিডিওটি সাজানো হয়েছে লাল পর্দা ও ঝাড়বাতির নান্দনিক পরিবেশে। কখনো ওড়নার আড়াল থেকে হাত বাড়িয়ে, আবার কখনো আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে হাসতে দেখা যায় অভিনেত্রীকে। ভিডিওটির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘কনের আভিজাত্যের শিল্প। প্রতিটি ফ্রেমেই যেন সৌন্দর্য।’
প্রকাশের পর থেকেই ভিডিওটি ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মাত্র দুই দিনে এটি দেখা হয়েছে ২২ লাখবার। মন্তব্যের ঘরে অনেকেই পূর্ণিমার সৌন্দর্য ও সাজের প্রশংসা করেছেন। কেউ কেউ তাঁর এই বয়সেও এমন আকর্ষণীয় থাকার রহস্য জানতে চেয়েছেন।
প্রায় তিন দশকের অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ে আগের মতো নিয়মিত নন তিনি। সর্বশেষ ২০২৪ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায় দেখা গেছে তাঁকে। এর আগে ২০২৩ সালে কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’ ওয়েব সিরিজেও অভিনয় করেন এই অভিনেত্রী