প্রথমবারের মতো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন চিত্রনায়িকা নিপা আহমেদ রিয়েলি। প্রতিযোগিতায় অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থান করছেন তিনি। আজ ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে। আন্তর্জাতিক এই মঞ্চে দেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন দেখছেন এই অভিনেত্রী।
ফ্লোরিডা থেকে রিয়েলি জানান, আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি ভীষণ আনন্দিত ও গর্বিত। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও ভারত, কানাডা, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্রসহ মোট ২২টি দেশের প্রতিযোগী অংশ নিচ্ছেন।
জীবনে প্রথমবার আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা জানিয়ে রিয়েলি বলেন, ‘প্রথমবার আন্তর্জাতিক কোনো সৌন্দর্য প্রতিযোগিতায় আমার দেশকে প্রতিনিধিত্ব করছি। এই প্রতিযোগিতা আমার জীবনের একটি অসাধারণ অভিজ্ঞতা।’
প্রতিযোগিতায় অংশ নিতে এসে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নতুন বন্ধুত্বও তৈরি হয়েছে তাঁর। সুযোগ হচ্ছে নানা দেশের সংস্কৃতি সম্পর্কে জানার। প্রতিদিনই শিখছেন নতুন কিছু। বিশেষ করে ক্যাটওয়াক, র্যাম্পে হাঁটা, মঞ্চে নিজেকে উপস্থাপন, আত্মবিশ্বাস ধরে রাখা এবং ব্যক্তিত্বের প্রকাশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করছেন তিনি।
রিয়েলির কাছে এই আয়োজন কেবল একটি মুকুট জয়ের লড়াই নয়, বরং নিজেকে আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও যোগ্য করে গড়ে তোলার সুযোগ। প্রতিযোগিতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আন্তরিকতা ও সহযোগিতাও তাঁকে মুগ্ধ করেছে।
আন্তর্জাতিক মঞ্চে নিজের অভিনয়জীবনের অভিজ্ঞতাও তুলে ধরছেন এই চিত্রনায়িকা। ‘মেকআপ’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। রিয়েলি জানান, তাঁর অভিনয়জীবনের গল্প শুনে বিভিন্ন দেশের প্রতিযোগীরা আগ্রহ দেখিয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন তাঁর অভিনীত চলচ্চিত্রও দেখেছেন এবং কাজের প্রশংসা করেছেন।
এ প্রসঙ্গে রিয়েলি বলেন, ‘তারা বলেছেন, আমার এই যাত্রা তাদের অনুপ্রাণিত করেছে এবং তারা আমাকে নিয়ে গর্বিত। তাদের এই ভালোবাসা ও সম্মান আমার জন্য সত্যিই অনেক বড় প্রাপ্তি।’
অভিনয়ই রিয়েলির মূল পেশা। তাই ক্যাটওয়াক ও আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ তাঁর কাছে কিছুটা নতুন অভিজ্ঞতা। সবকিছুতে এখনো পুরোপুরি দক্ষ হয়ে উঠতে না পারলেও প্রতিদিন শেখার চেষ্টা করছেন তিনি। এ ক্ষেত্রে অন্য দেশের প্রতিযোগীরাও তাঁকে উৎসাহ ও সহযোগিতা দিচ্ছেন।
আজকের গ্র্যান্ড ফিনালের আগে দেশের মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন রিয়েলি। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ভালো কিছু অর্জনের প্রত্যাশা তাঁর।