বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও সালমান খানের পুরোনো প্রেমের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁদের বিচ্ছেদের পরও বিভিন্ন সময় নানা ঘটনা সামনে এসেছে। এবার ঐশ্বরিয়ার সাবেক দেহরক্ষী কেতন কারান্দের এক সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য ঘিরে আলোচনায় এসেছে সেই সময়ের একটি ঘটনা। তাঁর দাবি, সালমান খানের কাছ থেকে ঐশ্বরিয়াকে নিরাপদে রাখতেই তাঁকে দেহরক্ষী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
‘দ্য থ্রি খানস: অ্যান্ড দ্য এমার্জেন্স অফ নিউ ইন্ডিয়া’ বইয়ে লেখক কাবেরী বামজাই উল্লেখ করেছেন, অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার কাজ করা নিয়ে সালমানের আপত্তি ছিল। ২০০৩ সালে রোহন সিপ্পি পরিচালিত ‘কুছ না কাহো’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন অভিষেক ও ঐশ্বরিয়া। এর আগেই অবশ্য সালমানের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক ভেঙে যায়।
সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘আর্ট মিডিয়া এন্টারটেইনমেন্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানান ঐশ্বরিয়ার সাবেক দেহরক্ষী কেতন কারান্দে। তিনি বলেন, একসময় ঐশ্বরিয়ার নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। সালমানের কাছ থেকে তাঁকে নিরাপদে রাখার উদ্দেশ্যেই মাত্র সাত দিনের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল বলে দাবি করেন কেতন।
সাক্ষাৎকারে কেতন বলেন, ‘আমি একসময় ঐশ্বরিয়া রাইয়ের দেহরক্ষী ছিলাম। আমাকে সালমান খানের জন্যই নিয়োগ করা হয়েছিল। মাত্র সাতদিনের জন্য আমাকে কাজে রাখা হয়েছিল, যাতে আমি তাকে সালমানের হাত থেকে বাঁচাতে পারি।’
সালমান বিষয়টি জানতেন কি না, এমন প্রশ্নের জবাবে কেতন বলেন, সালমান হয়তো জানতেন। তবে ঘটনাটি অনেক বছর আগের হওয়ায় বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালনের সময় ঐশ্বরিয়াকে বাড়ি থেকে শুটিংয়ের সেটে নিয়ে যাওয়া এবং কাজ শেষে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল কেতনের। এ ছাড়া বিভিন্ন ফ্যাশন শো ও অনুষ্ঠানে যাতায়াতের সময়ও অভিনেত্রীর নিরাপত্তা নিশ্চিত করতেন তিনি।
তবে মাত্র সাত দিন দায়িত্ব পালনের পরই চাকরি ছেড়ে দেন কেতন। এর পেছনে ব্যক্তিগত কারণের কথা জানিয়ে তিনি বলেন, সালমান খান ও ঐশ্বরিয়া—দুজনেরই ভক্ত ছিলেন তিনি। তাই তাঁদের ব্যক্তিগত বিরোধের মধ্যে নিজেকে জড়াতে চাননি।
চাকরি ছাড়ার সিদ্ধান্তের পেছনে একটি ঘটনার কথাও উল্লেখ করেন কেতন। তাঁর ভাষ্য, একবার একটি অনুষ্ঠান শেষে ঐশ্বরিয়াকে গাড়িতে তুলে বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে আসেন সালমান খান। ফলে একই সময়ে সালমানের সামনে পড়তে হয় তাঁদের। ঘটনাটি তাঁকে ভীত করে তোলে। এরপরই ঐশ্বরিয়ার দেহরক্ষীর দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
উল্লেখ্য, ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন সালমান খান ও ঐশ্বরিয়া রাই। সিনেমাটিতে কাজের সময় তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে পরবর্তী সময়ে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরপর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি তাঁদের।
অন্যদিকে, অভিষেক বচ্চনের সঙ্গে ‘কুছ না কাহো’, ‘উমরাও জান’ ও ‘গুরু’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন ঐশ্বরিয়া। পরবর্তী সময়ে অভিষেক বচ্চনের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী।