সময়মতো অ্যাম্বুলেন্স না পেয়ে মাকে হারিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির করিমুল হক। সেই শোক থেকেই মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। নিজের মোটরসাইকেলকে অ্যাম্বুলেন্স বানিয়ে জেলার প্রত্যন্ত এলাকার অসুস্থ মানুষকে বিনা মূল্যে হাসপাতালে পৌঁছে দিতে শুরু করেন। মানবিক এই উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। মানুষের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ নামে। এবার সেই বাস্তব জীবনের সংগ্রামের গল্পই বড় পর্দায় নিয়ে আসছেন টালিউড তারকা দেব।
‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ নামের সিনেমাটি পরিচালনা করছেন বিনয় মুদগিল। প্রযোজনায় রয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও নন্দী মুভিজ। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দেব। তাঁর সঙ্গে দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে।
চলতি বছরের শুরুতে দেব তাঁর নতুন সিনেমার তালিকায় ‘দেশু ৭’, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ও ‘টনিক ২’-এর নাম ঘোষণা করেছিলেন। পরিকল্পনা অনুযায়ী, স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিল ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র। তবে একই সময়ে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ মুক্তি পাওয়ায় ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে দেন দেব। পরে জানান, এ কারণে চলতি বছর আর ‘টনিক ২’ মুক্তি দেওয়া সম্ভব হবে না।
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছেন দেব। গত শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন তিনি। পোস্টারে মোটরসাইকেলে করে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য ফুটে উঠেছে। পাশাপাশি দেখা যায় এক মা ও তাঁর ছোট্ট শিশুকেও।
পোস্টারের ক্যাপশনে দেব লিখেছেন, ‘দুচাকায় ভর দিয়ে হাজারো প্রাণ বাঁচানোর এক অসাধারণ লড়াই।’ একই সঙ্গে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করে জানান, আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’।
তবে সিনেমাটির মুক্তির তারিখ ঘিরে তৈরি হয়েছে বাড়তি আলোচনা। কারণ, একই দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। ফলে বড়দিনে বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছেন দেব ও শাহরুখ। এখন দেখার বিষয়, বাস্তব জীবনের মানবিক সংগ্রামের গল্প নিয়ে দেবের সিনেমা দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে।