বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা এবং একটি বেসামরিক শিল্পকারখানায় হামলা চালিয়েছে ইরান। শনিবার (২১ নভেম্বর) চালানো ওই হামলার পর কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ। অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, দেশটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে এ আক্রমণ চালিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি বেসামরিক শিল্পকারখানায় হামলার পর সেখানে আগুন ধরে যায়। তা নিয়ন্ত্রণে আনতে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা কাজ শুরু করেন। তবে কারখানাটির অবস্থান বা সেখানে কী ধরনের উৎপাদন কার্যক্রম চলে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে বলেন, তাঁরা বাহরাইনের পূর্ব উপকূলের সিত্রা দ্বীপের ওপর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেছেন। ওই দ্বীপে রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকো পরিচালিত একটি তেল শোধনাগারসহ বেশ কয়েকটি শিল্পকারখানা রয়েছে। তবে আক্রান্ত কারখানাটি সিত্রা দ্বীপে অবস্থিত কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
এর আগে সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্কবার্তা জারি করেছিল। মাঝে পরিস্থিতি স্বাভাবিক বলে ঘোষণা দেওয়া হলেও পরে আবারও সতর্কতা জারি করা হয়।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আকাশপথে আসা ইরানের বেশ কয়েকটি হামলা প্রতিহত করেছে। হামলা ঠেকানোর সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। প্রতিরক্ষা বাহিনী আরও অভিযোগ করেছে, তেহরান তাদের দেশের বিরুদ্ধে ‘পরিকল্পিত শত্রুতামূলক আচরণ’ অব্যাহত রেখেছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে। ইরানের দাবি, দেশটির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আগ্রাসন ও বারবার লঙ্ঘনের জবাবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। উল্লেখ্য, বাহরাইনেই মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।
একই দিন শনিবার ভোরে হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার পথে ওমানের খাসাব উপকূলের কাছে দুটি তেলবাহী ট্যাংকারে পৃথক হামলার ঘটনা ঘটে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) জানিয়েছে, একটি ট্যাংকারের পেছনের অংশে এবং অপরটির ইঞ্জিনকক্ষে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। এ ঘটনাগুলোতেও কোনো হতাহতের খবর মেলেনি। তবে দুটি ঘটনার সঙ্গে একই জাহাজ জড়িত কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংঘাত ছড়িয়ে পড়ছে, যার প্রভাবে পড়েছে উপসাগরীয় আরব দেশগুলোও। বাহরাইনে সংঘটিত এ সাম্প্রতিক হামলা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।
সূত্র: রয়টার্স, এএফপি, ইরনা