এক শিল্পপতি বাবার উগ্র, বখাটে ও মাস্তান স্বভাবের ছেলের জীবনে হঠাৎ এক কুড়িয়ে পাওয়া শিশুকন্যার আগমন। সেই শিশুকে ঘিরেই বদলে যেতে থাকে তার জীবন। একটি শিশুর ভালোবাসা কীভাবে একজন মানুষের চিন্তাভাবনা ও জীবনযাপনে পরিবর্তন আনতে পারে, সেই গল্প নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘মায়াজাল’ মুক্তি পেয়েছে অন্তর্জালে।
সৌরভ ঘোষ নিলয়ের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন রাজ চৌধুরী, আলিয়া আফরিন জোহা, আজম খান, আলী মাসুদ, রেবেকা রউফ, তানজিনা সুমি ও সামিয়া সুলতানা।
‘মায়াজাল’-এ রয়েছে দুটি গান। এর মধ্যে ‘বাবা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন অভিনেতা রাজ চৌধুরী নিজেই। অন্যদিকে ‘বিশ্বাস করো তুমি শুধু আমায়’ গানটিতে রাজের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন রায়া শারমিলা রাফতি।
ওয়েব ফিল্মটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রাজ চৌধুরী বলেন, ‘মায়াজাল গল্পটি অত্যন্ত চমৎকার। সব মিলিয়ে কাজটি আমার খুব স্বপ্নের একটি কাজ। চেষ্টা করেছি ভালো কিছু করার, বাকিটা দর্শক বলবে।’
মুক্তির পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান এই অভিনেতা। তাঁর ভাষ্য, একদিনেই প্রায় ১০ হাজার মানুষের ভালোবাসা পেয়েছে ‘মায়াজাল’। ভবিষ্যতে ওয়েব ফিল্মটি আরও দর্শকের কাছে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
একটি শিশুর আগমন ঘিরে মানুষের জীবনে পরিবর্তনের আবেগঘন গল্প নিয়ে নির্মিত ‘মায়াজাল’ দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।