কলকাতার মেয়ে ত্রিধা চৌধুরী। পড়াশোনা করেছেন মাইক্রোবায়োলজি নিয়ে। চাইলে বিজ্ঞানী হওয়ার পথেই এগোতে পারতেন। কিন্তু ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা তাঁকে নিয়ে এসেছে বিনোদনজগতে। বাংলা সিনেমা দিয়ে যাত্রা শুরু হলেও প্রত্যাশিত সুযোগ পাননি নিজের ভাষার চলচ্চিত্রে। পরে পাড়ি জমান মুম্বাইয়ে। সেখানেই একের পর এক কাজের মধ্য দিয়ে পরিচিতি পান। বিশেষ করে প্রকাশ ঝার ‘আশ্রম’ ওয়েব সিরিজে ববিতা চরিত্রে অভিনয় তাঁকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা।
গত ২২ নভেম্বর ছিল এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৮৯ সালের ২২ নভেম্বর পশ্চিমবঙ্গের কলকাতায় জন্ম তাঁর। শৈশব ও বেড়ে ওঠাও সেখানেই। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে মাইক্রোবায়োলজিতে উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি। তবে পড়াশোনার বিষয় নিয়ে ভবিষ্যতে কাজ করার ইচ্ছা কখনোই তেমন ছিল না তাঁর।
অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল ছোটবেলা থেকেই। স্কুলের নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতেন। ত্রিধার ভাষায়, তাঁর বাবা ছিলেন প্রথম ফটোগ্রাফার। বাবার শিল্পীমনস্কতা থেকেই হয়তো অভিনয়ের প্রতি ভালোবাসার জন্ম।
২০১১ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার টাইমস অব ইন্ডিয়া ফ্রেশ ফেস’ প্রতিযোগিতার কলকাতা পর্বে বিজয়ী হন ত্রিধা। এরপর ২০১৩ সালে সৃজিত মুখার্জির ‘মিশর রহস্য’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। ছবিতে রিনি চরিত্রে অভিনয় করেন। পরে ‘যদি লাভ দিলে না প্রাণে’ ও ‘খাদ’ সিনেমায়ও দেখা যায় তাঁকে। ২০১৫ সালে ‘সূর্য ভার্সেস সূর্য’ দিয়ে তেলেগু সিনেমায় যাত্রা শুরু করেন।
তবে বাংলা সিনেমায় কাজের সুযোগ নিয়ে আক্ষেপ রয়েছে ত্রিধার। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বাংলায় ক্যারিয়ার শুরু করলেও শুরুতে তেমন সুযোগ পাননি, যা মুম্বাই তাঁকে দিয়েছে। ভালো কাজ করার পরও কেন নিজের ভাষার ইন্ডাস্ট্রিতে প্রত্যাশিত সুযোগ পাননি, সেই প্রশ্নও তাঁকে ভাবায়। ভবিষ্যতে বাংলায় আরও বেশি কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
মুম্বাইয়ে গিয়ে শুরুটা অবশ্য সহজ ছিল না। নতুন শহরে পরিচিতজন না থাকায় একাকিত্বে ভুগেছেন। অনেকের সঙ্গে সহজে মিশতে না পারায় কেউ কেউ তাঁকে অহংকারীও ভাবতেন। তবে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন এই অভিনেত্রী।
ত্রিধার ক্যারিয়ারের বড় বাঁক আসে প্রকাশ ঝার ‘আশ্রম’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে। ববি দেওলের বিপরীতে ববিতা চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন তিনি। সিরিজটিতে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যেও অভিনয় করতে হয় তাঁকে। সেসব দৃশ্য নিয়ে দর্শক ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছিল।
এ প্রসঙ্গে ত্রিধা জানিয়েছিলেন, ববি দেওলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে শুরুতে অস্বস্তি ও সংকোচ কাজ করেছিল তাঁর। কারণ, ববির সিনেমা দেখে বড় হয়েছেন তিনি। তবে সহশিল্পী হিসেবে ববি তাঁকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং স্বচ্ছন্দ হতে সাহায্য করেছেন।
‘আশ্রম’ নিয়ে ত্রিধার অভিজ্ঞতাও বিশেষ। তাঁর মতে, এই সিরিজ তাঁকে নতুন করে পরিচিতি দিয়েছে এবং জীবনের নতুন অধ্যায়ের সুযোগ তৈরি করেছে। পরিচালক প্রকাশ ঝাকে নিজের পথপ্রদর্শক হিসেবেও উল্লেখ করেছেন তিনি।
বর্তমানে দক্ষিণ ভারতীয় সিনেমা ও বলিউড—দুই মাধ্যমেই কাজ করছেন ত্রিধা। দুই ইন্ডাস্ট্রির কাজের পরিবেশের পার্থক্য নিয়েও কথা বলেছেন তিনি। তাঁর মতে, দক্ষিণ ভারতীয় সিনেমায় সময়ানুবর্তিতা ও পেশাদারত্ব বেশি দেখা যায়। বলিউডে কখনো কখনো কাজের ক্ষেত্রে কিছুটা ঢিলেঢালা ভাব ও অব্যবস্থাপনা থাকে।
বাংলা সিনেমা দিয়ে শুরু হওয়া ত্রিধার অভিনয়যাত্রা এখন বিস্তৃত হয়েছে একাধিক ভাষা ও মাধ্যমে। নিজের ভাষার চলচ্চিত্রে আরও বেশি কাজ করার স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে চান এই অভিনেত্রী।