তানভীর আহাম্মেদ, রিপোর্টার: ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ টাকাসহ মো. স্বপন ইসলাম (২৯) নামে এক যুবককে আটক করেছে police। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
আটককৃত স্বপন ইসলাম সদর থানার ৯ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়ণপুর (মাস্টারপাড়া) গ্রামের মোকাররম হোসেনের ছেলে।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে সদর থানা এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্বপন ইসলাম বিক্রির উদ্দেশ্যে নিজ শয়নকক্ষে মাদকদ্রব্য মজুত করে রেখেছেন। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় পুলিশের একটি দল রাত ১টা ৪৫ মিনিটে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই স্বপনকে আটক করা হয়।
পরবর্তীতে রাত ২টা ১০ মিনিটে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত যুবকের দেখানো মতে তার শয়নকক্ষের শোকেজের নিচের ড্রয়ারে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে পুলিশ।
তল্লাশিতে ৮৫টি পাতায় থাকা মোট ৮৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি কাঁচের বোতলে ৭৫০ মিলিলিটার বিদেশি মদ, চারটি প্লাস্টিকের বোতলে এক হাজার মিলিলিটার দেশীয় চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।