সোনারগাঁও(নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা মৎসদলের সাবেক সাধারণ সম্পাদক সামির হোসেনের বাড়িতে হামলা চালিয়ে দুই রাউন্ড গুলি করার অভিযোগ উঠেছে।
রোববার সন্ধ্যায় জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে বলে দাবি করা হয়। জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী তায়েব শিকদারের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। খবর পেয়ে সোনারগাঁও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামে গতকাল রোববার দুপুরে জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী তায়েব শিকদার তার নিজ বাড়িতে আসেন। বিষয়টি জানতে পেরে সোনারগাঁও উপজেলা মৎসদলের সাবেক সাধারণ সম্পাদক সামির হোসেন পুলিশ ডেকে পুলিশে ধরিয়ে দেওয়া চেষ্টা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তায়েব শিকদার পালিয়ে যান। এ ঘটনার বিস্তারিত তুলে ধরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদার তার ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার সন্ধ্যায় তায়েব শিকদারের নেতৃত্বে মোটরসাইকেল যোগে এসে সামির হোসেনের বাড়িতে গিয়ে তার মাকে গালিগালাজ করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে চলে যায়। তবে হামলা ও গুলির ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোনারগাঁও উপজেলা মৎসদলের সাবেক সাধারণ সম্পাদক সামির হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদারের নেতৃত্বে সাকিব হোসেন তার বাড়িতে হামলা করে দুই রাউন্ড গুলি ছোড়ে। তার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করেছে। তার বাবা মাকে হুমকি দিয়েছে। তিনি আরো জানান, আগেও একবার তার ওপর গুলি চালানো হয়েছে। আওয়ামী লীগের আমলে তিনি নির্যাতিত ছিলেন। বর্তমানে তিনি আতংকে মধ্যে রয়েছেন। এ ঘটনার সঠিক বিচার দাবি করেন।
অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সামির একজন সন্ত্রাসী। তার কাছে পিস্তল রয়েছে। সে নিজের বাড়ি ভাংচুর করেছে। ফাঁকা গুলি করে তাদের মামলা দিয়ে হয়রানি করার জন্য নাটক সাজিয়েছে। পুলিশ সঠিক তদন্ত করলেই আসল ঘটনা বেড়িয়ে আসবে। এ ঘটনার সাথে তিনি জড়িত নয় বলে দাবি করেন।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, মৎসজীবি দল নেতার বাড়িতে গুলির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।