বছরের শেষটা বলিউডের দুই খানের সিনেমা দিয়ে জমে উঠতে যাচ্ছে। আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা সালমান খানের ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। অন্যদিকে বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে শাহরুখ খানের ‘কিং’। তবে মুক্তির তারিখ কাছাকাছি হলেও শাহরুখের সিনেমার সঙ্গে কোনো ধরনের বক্স অফিস সংঘাতে যেতে চান না সালমান। বরং হলিউডের বড় বাজেটের সিনেমা ‘অ্যাভেঞ্জার্স’ কিংবা ‘ডিউন’-এর সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত তিনি।
সম্প্রতি হায়দরাবাদের একটি অনুষ্ঠানে সিনেমার মুক্তির তারিখ ও সম্ভাব্য বক্স অফিস সংঘাত নিয়ে কথা বলেন সালমান। সেখানে স্পষ্ট জানিয়ে দেন, শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা খানের সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় নামার কোনো ইচ্ছা নেই তাঁর।
সালমান বলেন, ‘শাহরুখ ২৪ ডিসেম্বর আসছে। আর আমি শাহরুখ ও ওর মেয়ে সুহানার সিনেমার সঙ্গে কোনো রকম সংঘাত চাই না। কোনোভাবেই না। তবে অ্যাভেঞ্জার্স বা ডিউনের মতো হলিউড সিনেমাগুলোর সঙ্গে আমি অনায়াসেই পাল্লা দিতে পারি। যদিও সেগুলো এক সপ্তাহ আগেই মুক্তি পাচ্ছে, তাতে আমার কোনো সমস্যা নেই।’
মুক্তির তারিখ পরিবর্তনের সম্ভাবনা প্রসঙ্গে সালমান আরও বলেন, তাঁর সিনেমার মুক্তির তারিখ বদলালে শাহরুখের ‘কিং’-এর সঙ্গে ব্যবধান আরও কমে যেতে পারে। তাই বন্ধুর সিনেমার সঙ্গে বক্স অফিস সংঘাত এড়াতেই চান তিনি।
শুধু শাহরুখের ‘কিং’ নয়, অন্য একটি বড় বাজেটের বলিউড সিনেমার সঙ্গেও মুক্তির তারিখের সংঘাত এড়িয়েছেন সালমান। আগামী বছরের ২৬ জানুয়ারি মুক্তির পরিকল্পনায় রয়েছে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’। এতে অভিনয় করছেন ভিকি কৌশল, রণবীর কাপুর ও আলিয়া ভাট।
এ প্রসঙ্গে সালমান জানান, বানসালির সিনেমাটির সঙ্গে প্রতিযোগিতায় যেতে চাননি তিনি। এ ছাড়া মার্চ মাসে তাঁর আরেকটি সিনেমা ‘মনস্টার’ মুক্তির পরিকল্পনা রয়েছে। ফলে নিজের দুই সিনেমার মধ্যেও মুক্তির তারিখের ব্যবধান রাখতে চেয়েছেন এই অভিনেতা।
এদিকে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ মুক্তি নিয়েও নানা জটিলতা পেরোতে হয়েছে নির্মাতাদের। শুরুতে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। নাম পরিবর্তন, সেন্সর বোর্ডের ছাড়পত্রসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন আটকে ছিল ছবিটির মুক্তি। এর মধ্যে চীনের আপত্তির বিষয়টিও আলোচনায় আসে।
সব বাধা পেরিয়ে অবশেষে ৪ ডিসেম্বর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে সিনেমাটির। অন্যদিকে ২৪ ডিসেম্বর আসছে শাহরুখের ‘কিং’। সব মিলিয়ে বছরের শেষ মাসে দুই খানের সিনেমা ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।