নব্বইয়ের দশকের জনপ্রিয় কমেডি সিনেমা ‘হোম অ্যালোন’ আবারও ফিরছে নতুন সিকুয়েল নিয়ে। দীর্ঘ বিরতির পর মূল সিনেমার দুরন্ত কেভিন চরিত্রে ফিরছেন অভিনেতা ম্যাকলে কালকিন। নতুন এই সিনেমার প্রাথমিক নির্মাণকাজ শুরু করেছে ডিজনি।
হলিউড রিপোর্টারের প্রতিবেদনে জানা গেছে, ১৯৯০ ও ১৯৯২ সালে মুক্তি পাওয়া প্রথম দুটি সিনেমার পর এবার নতুন কিস্তির গল্পও সাজিয়েছেন ম্যাকলে কালকিন নিজেই। এতে বড় হয়ে কেভিনের জীবন কেমন হয়েছে, তা তুলে ধরা হবে। বাস্তব জীবনে বাবা হওয়ার অভিজ্ঞতা থেকে এবার গল্পটি সাজিয়েছেন একজন বাবার দৃষ্টিকোণ থেকে।
কালকিনের প্রস্তাবিত গল্প অনুযায়ী, নতুন সিনেমায় কেভিন একজন বিপত্নীক অথবা বিবাহবিচ্ছিন্ন বাবা। একাই সন্তানকে বড় করছে সে। গল্পের একপর্যায়ে নিজের বাড়ির বাইরে আটকে পড়ে কেভিন। আর বাড়ির ভেতর থেকে তাকে ঢুকতে না দিতে একের পর এক মজার ফাঁদ পাততে থাকে তার ছেলে। অর্থাৎ, আগের সিনেমার গল্পের ঠিক উল্টো চিত্র দেখা যাবে নতুন কিস্তিতে।
জন হিউজের চিত্রনাট্য ও ক্রিস কলম্বাসের পরিচালনায় ১৯৯০ সালে মুক্তি পায় প্রথম ‘হোম অ্যালোন’। মাত্র ৯ বছর বয়সে কেভিন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান ম্যাকলে কালকিন। এরপর ১৯৯২ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউইয়র্ক’। প্রথম দুটি সিনেমা বিশ্বজুড়ে ৮৩ কোটি ডলারের বেশি আয় করে।
পরবর্তী সময়ে কালকিনকে ছাড়াই ফ্র্যাঞ্চাইজিটির আরও কয়েকটি কিস্তি নির্মিত হয়েছে। এর মধ্যে রয়েছে ‘হোম অ্যালোন ৩’, ‘হোম অ্যালোন ৪’, ‘হোম অ্যালোন: দ্য হলিডে হেইস্ট’ এবং ‘হোম সুইট হোম অ্যালোন’। তবে কোনো কিস্তিই প্রথম দুই সিনেমার মতো দর্শকপ্রিয়তা পায়নি।
এবার দীর্ঘ বিরতি কাটিয়ে ম্যাকলে কালকিনের প্রত্যাবর্তনের খবরে নতুন করে আলোচনায় এসেছে ‘হোম অ্যালোন’। কেভিনের বড় হয়ে ওঠার গল্প এবং বাবা-ছেলের মজার লড়াই পর্দায় দেখতে অপেক্ষায় রয়েছেন ভক্তরা।