চট্টগ্রাম নগরে পুলিশের একটি টহল পিকআপ চুরি যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
আজ রোববার (২২ নভেম্বর) জারি করা এক অফিস আদেশে চুরির সময় দায়িত্বে থাকা এসআই দেলোয়ার হোসেন, গাড়িচালক আক্তারসহ ওই চার সদস্যের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে সিএমপির জনসংযোগ কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৮ নভেম্বর দুপুর পৌনে ৩টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইন্সের সামনের সড়ক থেকে পিকআপটি চুরি হয়।
এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে ওই টহল দলে থাকা দুই কনস্টেবল ও গাড়িচালক পিকআপটি জেলা পুলিশ লাইন্সের ফটকসংলগ্ন পুনাক ক্যান্টিনের সামনে রেখে পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে তাঁরা গাড়িটি আর দেখতে পাননি।
চুরির প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিরনিরহাট এলাকা থেকে পিকআপটি উদ্ধার করে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই দিন রাতে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে মো. রুবেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তদন্তে সংগৃহীত আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, চুরির আগে মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে পিকআপটির চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মোটরসাইকেলচালক রুবেলের সঙ্গে প্রায় সাত সেকেন্ড কথা বলেন। এরপরই রুবেল নকল চাবি ব্যবহার করে গাড়িটি চালু করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
চুরির পর পুলিশের গাড়ির পরিচয় ব্যবহার করে তিনি একটি নির্ধারিত পেট্রলপাম্প থেকে বিনা মূল্যে ২৮ লিটার জ্বালানি নেন। পরে গাড়িতে যান্ত্রিক সমস্যা দেখা দিলে সেটি একটি গ্যারেজে নিয়ে মেরামতেরও চেষ্টা চালান।
উদ্ধারকৃত পিকআপটি এখনো হালিশহর থানার দায়িত্ব পালনে ব্যবহার করা হচ্ছে। এ প্রসঙ্গে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, গাড়িটি পুরোনো হওয়ায় অন্য চাবি দিয়েও চালু করা গেছে। পুলিশের কিছু পুরোনো গাড়ি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি গাড়িটি নিজেদের হেফাজতে রাখার দায়িত্ব ছিল সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের। তাঁরা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।