গালিবাফের ভাষ্য অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতা এই দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা অবসানের ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে শুধু রাজনৈতিক বক্তব্য বা বাগাড়ম্বরের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিস্থিতি মোকাবিলায় সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ইরানি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে গালিবাফের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, চলমান পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে হলে ইরানের ওপর থেকে যুদ্ধের আশঙ্কা ও হুমকির পরিবেশ দূর করতে হবে।
গালিবাফ বলেন, ‘আমরা যদি এই পরিস্থিতির ধারাবাহিকতা রোধ করতে চাই, তবে দেশ থেকে যুদ্ধের ছায়া ও হুমকি দূর করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।’
তাঁর বক্তব্যে ‘টেকসই প্রতিরোধ’ বলতে এমন একটি সক্ষমতা ও কৌশলগত অবস্থান গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যার মাধ্যমে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি মোকাবিলা করা সম্ভব হবে এবং দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার অবসান ঘটবে।
ইরানের এই অবস্থান এমন সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দেশটির নিরাপত্তা ও সামরিক উত্তেজনা আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে রয়েছে।
সূত্র: ইরনা, আল জাজিরা