চাইলেই অন্যদের মতো একই পথে হাঁটতে পারতেন সামিরা খান মাহি। তবে তা করেননি। সুইমস্যুট প্রতিযোগিতা মিস ইউনিভার্সের অন্যতম চ্যালেঞ্জিং পর্ব, যেখানে প্রতিযোগীরা বোল্ড অবতারে নিজেদের উপস্থাপন করেন এবং বিশেষভাবে বিকিনি পরেন। মাহি বেছে নিয়েছেন ভিন্ন পথ। পুরো শরীর ঢাকা ফিটিং নীল পোশাকে তাঁর উপস্থিতি আলাদাভাবে নজর কেড়েছে এবং নেটমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।
বাকিদের বিকিনি কিংবা দুই খণ্ডের সাঁতারের পোশাকে অংশ নিতে দেখা গেলেও মাহিকে দেখা গেছে ফুলহাতার পোশাকের ব্যতিক্রম লুকে। সঙ্গে ছিল নীল রঙের লম্বা কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল।
স্থানীয় সময় রোববার রাতে এই পর্বের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন মাহি। নিজের একটি পোস্টে তিনি লেখেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন বলেও উল্লেখ করেন তিনি।
মাহির এই উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ার। একজন লিখেছেন, বিকিনি ছাড়াও বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন। মাহির ছবির মন্তব্যের ঘরেও প্রশংসা দেখা গেছে। একজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক।’
এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও ভিন্নভাবে বাংলাদেশকে তুলে ধরেছিলেন সামিরা খান মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বকে উপজীব্য করে ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে উপস্থাপন করেন তিনি। পোশাকের মধ্য দিয়ে মাতৃত্বের বার্তাও দেন।
৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং তাঁর মাথায় পরিয়ে দেওয়া হবে মিস ইউনিভার্সের মুকুট।