দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে নতুন উদ্যমে অভিনয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য তাঁকে দীর্ঘ বিরতিতে থাকতে হয়। তাঁর প্রত্যাবর্তন ঘিরে ভক্ত-দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল ছিল। তরুণ নির্মাতা ইকসান রনির নতুন নাটক ‘অংশীদার’ দিয়ে পর্দায় ফিরেই দর্শকদের ভালোবাসা পাচ্ছেন তিনি।
ইউটিউবে নাটকটি মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ১ মিলিয়ন ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে। গত শনিবার দুপুর ২টায় প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের কমেন্ট বক্সে নাটকটির গল্প ও অভিনয়শিল্পীদের প্রশংসা করছেন দর্শকেরা।
পারিবারিক টানাপোড়েন, নারীর ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বাস্তবসম্মত গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অংশীদার’। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। তানিয়া বৃষ্টির পাশাপাশি এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও ডলি জহুর।
নাটকটি আলোচিত হওয়ায় উচ্ছ্বসিত ইকসান রনি বলেন, ‘নাটকটির মাধ্যমে নারীর ন্যায্য অধিকার এবং আত্মমর্যাদার গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছি। মাত্র ২২ ঘণ্টায় দর্শকেরা যেভাবে নাটকটি গ্রহণ করেছেন, তা পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।’
ইকসান রনির আগের নাটক ‘ভালোবাসার এপিঠ ওপিঠ’, ‘আমিই রেনু’, ‘বাবাও মানুষ’ ও ‘সুখবিলাস’ দর্শকমহলে সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় দ্রুততম সময়ে মিলিয়ন ভিউয়ের ক্লাবে যুক্ত হলো ‘অংশীদার’।