চার বছর পর আবারও ঢাকার মঞ্চে ফিরছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া। সঙ্গে থাকছেন ফুয়াদ। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে তাঁর কনসার্ট ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ অনুষ্ঠিত হবে এবং আয়োজন করছে ইমেকার্স বাংলাদেশ।
দ্বিতীয়বার বাংলাদেশে আসার খবরটি নিশ্চিত করেছেন ওটিলিয়া নিজেই। সামাজিক মাধ্যমে তিনি কনসার্টের ফটোকার্ড শেয়ার করেছেন। অনুষ্ঠানের প্রচারণা-পোস্টারটি তাঁর অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশিত হয়েছে। এরপর থেকে বাংলাদেশি ভক্তদের মধ্যে উন্মাদনা বাড়ছে।
২০২২ সালের জুলাইয়ে প্রথমবার ঢাকায় এসেছিলেন ওটিলিয়া। নোকিয়া জি২১ ফোনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে এসে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিনি কনসার্ট করেন। সেবার প্রায় এক ঘণ্টা ধরে নিজের জনপ্রিয় গানগুলো গেয়ে দর্শকদের মাতিয়েছিলেন তিনি। কনসার্টের পরদিন তিনি লাল শাড়িতে ছবি দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকের প্রতি শ্রদ্ধা জানান।
রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে যুক্ত। ২০১৪ সালে প্রকাশিত ‘বিলিওনেরা’ গানটির মাধ্যমে তিনি আন্তর্জাতিক খ্যাতি পান। স্প্যানিশ ও ইংরেজি ভাষার এই ডান্স-পপ গানে ল্যাটিন-বলকান সুরের ছোঁয়া আছে। গানটি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়।
আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের অভিজ্ঞতা রয়েছে ইমেকার্স বাংলাদেশের। প্রতিষ্ঠানটির আয়োজনে এর আগে ঢাকায় অরিজিৎ সিং ও নেহা কাক্করসহ বিভিন্ন আন্তর্জাতিক শিল্পীর কনসার্ট হয়েছে। itvbd
আগস্টে প্রকাশিত খবরে বলা হয়েছিল, কনসার্টের ভেন্যু, টিকিটের মূল্য ও বিক্রির সময়সূচি তখনো ঘোষণা হয়নি। আয়োজকেরা শিগগিরই তা জানানোর কথা বলেছিলেন।