অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। আদালতে হাজির হওয়ার নির্ধারিত দিনে তানজিন তিশা উপস্থিত না হওয়ায় সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করেন বাদীপক্ষ।
আবেদনে বলা হয়, মামলার বিষয়ে অবগত থাকার পরও নির্ধারিত দিনে আদালতে হাজির হননি তানজিন তিশা। এ ছাড়া মামলা দায়েরের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাদীকে উদ্দেশ করে বিভিন্ন কটূক্তি অব্যাহত রেখেছেন তিনি। এসব কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বলেন, মামলায় বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করলেও তানজিন তিশা হাজির হননি। এ কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। তবে বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় এদিন শুনানি হয়নি। আগামী ১৪ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এদিন বাদী সানায়া চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।
যেভাবে মামলার সূত্রপাত
সানায়া চৌধুরী গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়ার কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন তিশা। পরে সেটি আর ফেরত দেননি।
মামলাটি তদন্ত শেষে গত ২৫ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।
তবে পিবিআইয়ের প্রতিবেদনে আপত্তি জানিয়ে আদালতে নারাজি আবেদন করেন সানায়া। গত ২৫ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাঁর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলাটি নতুন করে তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
হত্যার হুমকির অভিযোগে নতুন মামলা
এরপর ২৬ অক্টোবর তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে নতুন মামলা করেন সানায়া। তাঁর অভিযোগ, আগের মামলা দায়েরের পর সেটি প্রত্যাহার করে নেওয়ার জন্য বিভিন্ন সময়ে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এমনকি পল্লবীতে তাঁর বাসায় লোক পাঠিয়েও হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
সানায়ার দাবি, এসব ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে থানায় মামলা করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। পরে আদালতের শরণাপন্ন হন তিনি।
তবে তানজিন তিশার বিরুদ্ধে আনা এসব অভিযোগ এখনো বিচারাধীন। গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের বিষয়ে আগামী ১৪ ডিসেম্বর শুনানি হওয়ার কথা রয়েছে।