‘অ্যালেন স্বপন’ চরিত্রটি অভিনেতা নাসির উদ্দিন খানের অভিনয়জীবনে আলাদা পরিচয় তৈরি করেছে। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজের মাধ্যমে চরিত্রটির যাত্রা শুরু। পরে স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর দুই সিজনেও দর্শকের প্রশংসা পেয়েছে এটি। এবার আসছে সিরিজটির তৃতীয় কিস্তি। তবে নতুন সিজনে থাকছে বড় পরিবর্তন। শায়লা চরিত্রে দেখা যাবে না রাফিয়াত রশিদ মিথিলাকে। তাঁর পরিবর্তে যুক্ত হচ্ছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
নতুন সিজনেও অ্যালেন স্বপন চরিত্রে ফিরছেন নাসির উদ্দিন খান। আগের দুই কিস্তিতে তাঁর বিপরীতে শায়লা চরিত্রে অভিনয় করেছিলেন মিথিলা। এবার সেই চরিত্রে মিথিলার পরিবর্তে প্রভাকে দেখা যাবে। তবে নতুন সিজনে প্রভার চরিত্রের নাম, ধরন কিংবা গল্পে তাঁর ভূমিকা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মিথিলা। গত অক্টোবরে নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতাও করছেন। মূলত পেশাগত ব্যস্ততার কারণেই নতুন সিজনে কাজ করা হচ্ছে না তাঁর। জানা গেছে, মিথিলার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিল নির্মাতা দল।
এদিকে, ইতিমধ্যে শুরু হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’-এর শুটিং। তবে এখনো শুটিংয়ে অংশ নেননি প্রভা। চলতি মাসের শেষ দিকে তাঁর ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা রয়েছে। নির্মাণ পরিকল্পনা অনুযায়ী, আগামী মাসের মাঝামাঝি শেষ হবে পুরো কাজ। নাসির উদ্দিন খান ও প্রভা ছাড়াও সিরিজটিতে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবি।
নতুন সিজন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার আগে বিস্তারিত জানাতে চাননি নির্মাতা শিহাব শাহীন। তবে গত মাসে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এবারের গল্পে থাকছে নতুনত্ব এবং যুক্ত হবে বেশ কয়েকটি নতুন চরিত্র। জানা গেছে, তৃতীয় কিস্তির গল্প আবর্তিত হবে ঢাকা শহরকে ঘিরে।
এর আগে ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’। তবে প্রথম সিজনের মতো দ্বিতীয় কিস্তি দর্শকমহলে সাড়া ফেলতে পারেনি। একই সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’। নির্মাতার ধারণা, একই সময়ে দুটি কাজ মুক্তি পাওয়ায় ‘অ্যালেন স্বপন’ ঘিরে দর্শকের মনোযোগ কিছুটা ভাগ হয়ে গিয়েছিল।
তবে তৃতীয় সিজন নিয়ে নতুন পরিকল্পনায় এগোচ্ছেন নির্মাতা। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’।