বলিউডের বাদশা শাহরুখ খান, শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও আধ্যাত্মিক গুরু সদ্গুরু—এক মঞ্চে এই তিনজনের কয়েক সেকেন্ডের একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। ভিডিওতে সদ্গুরুর সঙ্গে কথা বলার সময় শাহরুখের দিকে আঙুল তুলতে দেখা যায় অনন্তকে। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, অনন্ত কি শাহরুখকে চুপ থাকতে বলেছিলেন?
গত ২১ নভেম্বর মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় অনুষ্ঠিত হয় ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’। দিব্যজ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে ২০০৮ সালের ২৬ নভেম্বরের মুম্বাই হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করা হয়। পাশাপাশি সাহসিকতা ও সমাজসেবায় অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে শাহরুখ খান, অনন্ত আম্বানি ও সদ্গুরু ছাড়াও উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার, অক্ষয় কুমার, রণবীর সিং, সুনীল শেঠি ও বিক্রান্ত ম্যাসি।
অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, সদ্গুরুকে আলিঙ্গন করছেন শাহরুখ। কথা বলার একপর্যায়ে তার সামনে হাত জোড় করেন অভিনেতা। এ সময় অনন্ত কাছে এলে তার পিঠে হাত রাখেন শাহরুখ। পরে সদ্গুরুর সঙ্গে কথা বলার মধ্যেই শাহরুখের দিকে ফিরে আঙুল তোলেন অনন্ত। এরপর শাহরুখকে হাসতে দেখা যায়।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। কেউ কেউ মনে করছেন, অনন্ত প্রকাশ্যেই শাহরুখকে চুপ থাকতে ইঙ্গিত করেছিলেন। আবার কারও ধারণা, দুজনের মধ্যে নিছক মজার ছলে খুনসুটি চলছিল। অনন্ত ঠিক কী বলেছিলেন, তা ভিডিওর অস্পষ্ট শব্দ থেকে বোঝা যায়নি। একই অনুষ্ঠানের আরেকটি ভিডিওতে শাহরুখ ও অনন্তকে আলিঙ্গন করতেও দেখা গেছে।
এদিকে, রেডিটে এক ব্যবহারকারী ধারণা দিয়েছেন, শাহরুখ হয়তো সদ্গুরুর কাছে অনন্তকে নিয়ে কিছু বলছিলেন। অনন্ত তখন মজা করে তাকে থামানোর ইঙ্গিত দিয়েছেন। তবে ভিডিওর দৃশ্য থেকে এমন কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। ২৩ নভেম্বর পর্যন্ত এ বিষয়ে শাহরুখ বা অনন্তের পক্ষ থেকে কোনো প্রকাশ্য বক্তব্য পাওয়া যায়নি।
অনুষ্ঠানে শাহরুখের হাত থেকে সম্মাননা নেন ২০০৮ সালের মুম্বাই হামলা থেকে বেঁচে যাওয়া দেবিকা রোটাওয়ান। হামলার অন্যতম প্রত্যক্ষদর্শী দেবিকার হাতে সম্মাননা তুলে দেওয়ার পাশাপাশি বক্তব্য দেন অভিনেতা।
বক্তব্যে শাহরুখ জানান, তার ছোট ছেলে আব্রাম একবার তাকে প্রশ্ন করেছিল, ঘৃণাকে কীভাবে ভালোবাসায় বদলে দেওয়া যায়। উত্তরে শাহরুখ বলেন, এ জন্য মানুষের মধ্যে কথা বলা, একে অন্যের ওপর আস্থা রাখা এবং মিলেমিশে থাকা জরুরি।
স্মরণ ও সম্মাননার এই আয়োজনেও নিজের চেনা ভঙ্গিতে দর্শকদের আনন্দ দেন শাহরুখ। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার জনপ্রিয় দৃশ্যের মতো দুই হাত ছড়িয়ে দাঁড়ান তিনি। পাশে থাকা বোমান ইরানি ও বিক্রান্ত ম্যাসিও একই ভঙ্গি অনুসরণ করেন।