বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ, চলচ্চিত্রে অভিনয় এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন—সব মিলিয়ে বর্ণাঢ্য এক পথচলা সাথী বিলকিস ইয়াসমীনের। একসময় বড় পর্দায় নিয়মিত দেখা গেলেও প্রায় দুই দশক ধরে চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে তিনি। অভিনয় ছেড়ে এখন ব্যস্ত করপোরেট জগতে। একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এই অভিনেত্রী।
সম্প্রতি প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় নিজের জীবনের নানা অধ্যায় নিয়ে কথা বলেছেন সাথী। জানিয়েছেন, কীভাবে বিশ্বসুন্দরীর মঞ্চে পৌঁছেছিলেন, কেন চলচ্চিত্রে এসেছিলেন এবং শেষ পর্যন্ত কেন অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন।
মায়ের বকুনি থেকে বিশ্বসুন্দরীর মঞ্চে
সাথীর বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার গল্পের শুরু ১৯৯৪ সালে। তখন ঢাকার গুলশানে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। একদিন টেলিভিশনে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা দেখছিলেন। প্রতিযোগিতায় ঐশ্বরিয়া রাইকে দেখে মুগ্ধ হয়েছিলেন। এ সময় পড়াশোনা বাদ দিয়ে টেলিভিশন দেখায় মায়ের বকুনি শুনতে হয় তাঁকে। মাকে মজা করে বলেছিলেন, একদিন তাঁকেও বিশ্বসুন্দরীর মঞ্চে দেখা যাবে।
পরের বছর পত্রিকায় ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখে সেই কথাই মনে পড়ে তাঁর। পরিবারের সমর্থন নিয়ে প্রতিযোগিতায় আবেদন করেন। প্রাথমিক বাছাই ও সাক্ষাৎকারের ধাপ পেরিয়ে ১৯৯৫ সালে নির্বাচিত হন ‘মিস বাংলাদেশ’। এরপর দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।
সেই প্রতিযোগিতায় সাথীর দেখা হয়েছিল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা, বলিউডের অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে। ম্যান্ডেলার সঙ্গে করমর্দনের স্মৃতি এখনো তাঁর কাছে বিশেষ। এ ছাড়া ঐশ্বরিয়া রাইয়ের কাছ থেকে সুস্মিতা সেনের সঙ্গে চেহারার মিল থাকার প্রশংসাও পেয়েছিলেন তিনি।
বিশ্বসুন্দরীর মঞ্চ থেকে চলচ্চিত্রে
দেশে ফেরার পর অভিনয়ের বেশ কয়েকটি প্রস্তাব পান সাথী। শুরুতে চলচ্চিত্রে কাজ করার পরিকল্পনা না থাকলেও পরিচালক এহতেশামের উৎসাহে অভিনয়ে আসেন। তাঁর প্রথম সিনেমা ‘পরদেশী বাবু’। এতে তাঁর সহশিল্পী ছিলেন ফেরদৌস।
এরপর মান্নার বিপরীতে ‘আব্বাজান’ ও ‘বীর সৈনিক’, রুবেলের সঙ্গে ‘অন্যায়ের প্রতিশোধ’ এবং শাকিব খানের সঙ্গে ‘বড় মালিক’ সিনেমায় অভিনয় করেন। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বীর সৈনিক’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পান।
সর্বশেষ এনামুল করিম নির্ঝর পরিচালিত ‘আহা!’ সিনেমায় অভিনয় করেন তিনি। ছবিটি নিয়ে দুবাই ও তুরস্কের চলচ্চিত্র উৎসবেও অংশ নিয়েছিলেন সাথী।
কেন ছেড়েছিলেন অভিনয়?
চলচ্চিত্রে কাজ করতে গিয়ে কিছু সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছিলেন সাথী। শুটিংয়ের পরিবেশ ও চলচ্চিত্রের টিমের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হতো তাঁর। পাশাপাশি সিনেমার দর্শকপ্রিয়তা নিয়ে অনিশ্চয়তা এবং চলচ্চিত্র অঙ্গন সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণাও তাঁকে ভাবাত। নিজের পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রাখার বিষয়টিও ছিল তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে অভিনয়কে পেশা হিসেবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেননি তিনি। পরিবারের প্রত্যাশা অনুযায়ী একসময় যুক্ত হন পারিবারিক ব্যবসায়। ধীরে ধীরে করপোরেট জগতে নিজের অবস্থান তৈরি করেন।
এখন করপোরেট জগতে ব্যস্ততা
বর্তমানে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন সাথী বিলকিস ইয়াসমীন। চলচ্চিত্র কিংবা বিনোদন অঙ্গনের আড্ডায় তাঁকে খুব একটা দেখা যায় না। তবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ও চলচ্চিত্রের দিনগুলোকে জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবেই দেখেন তিনি।
নতুন প্রজন্মের নারীদের উদ্দেশে সাথীর পরামর্শ, কোনো উপাধি বা অর্জনকে নিজের পরিচয়ের একমাত্র ভিত্তি বানানো উচিত নয়। বরং শিক্ষা, আত্মবিশ্বাস ও আর্থিক সক্ষমতার মাধ্যমে নিজস্ব পরিচয় তৈরি করতে হবে।
সাথীর ভাষায়, ‘মুকুট খুলে রাখার পরই আমার জীবনের আসল যাত্রা শুরু হয়েছে।’ তাঁর কাছে বিশ্বসুন্দরীর মঞ্চে অংশ নেওয়া ছিল জীবনের একটি অর্জন; কিন্তু সেই অর্জনের পর নিজের নতুন পরিচয় তৈরি করাকেই তিনি বেশি গুরুত্ব দেন।