আর মাত্র এক দিন। আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর কোলসিও ডি পুয়ের্তো রিকো জোসে মিগুয়েল অ্যাগ্রেলটে বসছে মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। আন্তর্জাতিক এই মঞ্চে তাঁর পারফরম্যান্স, ভোটের অবস্থান ও মুকুট জয়ের সম্ভাবনা নিয়ে এখন আগ্রহ তৈরি হয়েছে দেশের দর্শকদের মধ্যে।
ফাইনালের আগে নিজের অবস্থান নিয়ে মাহিও বেশ সতর্ক। সোমবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ভেরি টাফ। জানি না কী অপেক্ষা করছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা অসাধারণ সব প্রতিযোগী আছেন। আশা তো করতে পারি। বাকিটা চূড়ান্ত পর্বের পারফরম্যান্সে বোঝা যাবে। এমনিতে গতকাল সবার কাছ থেকে বেশ অ্যাপ্রিসিয়েশন পেয়েছি।’
অল্প সময়ে প্রস্তুতি, পাশে ছিলেন মিথিলা
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জয়ের পর খুব বেশি সময় পাননি মাহি। গত ৭ নভেম্বর বিজয়ী হিসেবে তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন আগের আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। পরদিনই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন তিনি।
ফলে প্রস্তুতির জন্য সময় পেয়েছেন মাত্র এক দিন। এমন পরিস্থিতিতে মিথিলার কাছ থেকে পোশাক, সাজসজ্জা ও প্রতিযোগিতার বিভিন্ন পর্বে নিজেকে উপস্থাপনের বিষয়ে পরামর্শ নিয়েছেন মাহি। এবারের প্রতিযোগিতায় অংশ নিতে প্রায় ৩৫টি পোশাকও সঙ্গে নিয়েছেন তিনি।
জাতীয় পোশাকে বাংলাদেশের গল্প
মিস ইউনিভার্সের অন্যতম আকর্ষণীয় পর্ব জাতীয় পোশাক প্রদর্শনী। ২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত এই পর্বে লাল-সাদা খাদির শাড়িতে মঞ্চে হাজির হন মাহি।
‘মাদারহুড: আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ ভাবনায় তৈরি পোশাকটির মাধ্যমে তুলে ধরা হয় মা ও সন্তানের চিরন্তন সম্পর্ক এবং মাতৃভূমির প্রতি ভালোবাসা। কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি শাড়িটির নকশা করেছেন বিশ্বজিৎ মজুমদার। সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না।
পোশাকটির পেছনে থাকা বৃত্তাকার শিল্পকর্মে একজন নারীর শৈশব থেকে মাতৃত্ব, এরপর বার্ধক্যে পৌঁছানোর গল্প ফুটিয়ে তোলা হয়েছে। মাহির এই পরিবেশনা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার একটি প্রচেষ্টা হিসেবে প্রশংসা পেয়েছে।
ভোটে এগিয়ে থাকার অভিজ্ঞতা
এবারের প্রতিযোগিতায় দর্শকদের ভোটেও ভালো অবস্থানে ছিলেন মাহি। ১৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে তাঁকে সাপ্তাহিক ভোটে শীর্ষে এবং মোট ভোটের হিসাবে তৃতীয় অবস্থানে থাকার কথা জানানো হয়েছিল। দর্শকদের ভোটে সেরা ৩০-এ সরাসরি জায়গা পাওয়ার সুযোগ রয়েছে প্রতিযোগীদের।
তবে ভোটের অবস্থান পরিবর্তনশীল। শুধু অনলাইন ভোটের ফলাফল দিয়ে চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হয় না। বিচারকদের মূল্যায়ন, বিভিন্ন পর্বে পারফরম্যান্স, ব্যক্তিত্ব ও চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সব মিলিয়ে অল্প প্রস্তুতি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে যাত্রা শুরু করলেও নিজের পারফরম্যান্স দিয়ে আলোচনায় এসেছেন সামিরা খান মাহি। ফাইনালের আগে প্রতিদ্বন্দ্বীদের শক্ত অবস্থানের কথাও স্বীকার করছেন তিনি। এখন দেখার বিষয়, শেষ মুহূর্তের পারফরম্যান্সে কতটা এগিয়ে যেতে পারেন বাংলাদেশের এই প্রতিনিধি। তাঁর মাথায় বিশ্বসুন্দরীর মুকুট উঠবে কি না, সেই উত্তর মিলবে গ্র্যান্ড ফিনালেতে।