ইংরেজিতে ফেল করে বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়ে বিষপানে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পর এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী হালিমা খাতুন তরিকা (১৬) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। তিনি চাকপাড়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসএসসির ফল প্রকাশের পর হালিমা জানতে পারেন, অন্য সব বিষয়ে উত্তীর্ণ হলেও ইংরেজিতে অকৃতকার্য হয়েছেন। এরপর হতাশা থেকে তিনি বিষপান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানান তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এসএসসির ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর বিষপানে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *