সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন নীলা চৌধুরী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূরের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের আলোচনায় এবার মুখ খুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।

সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তারের পর বিভিন্ন বিষয়ে কথা বলার সময় শাবনূরের সঙ্গে ছেলের সম্পর্ক নিয়েও মন্তব্য করেন তিনি। নীলা চৌধুরীর দাবি, শাবনূরের সঙ্গে সালমান শাহর কোনো প্রেমের সম্পর্ক ছিল না। বরং শাবনূরকে নিজের ছোট বোনের মতো স্নেহ করতেন সালমান।

তার ভাষ্য, শাবনূর সালমানের ওপর অনেকটাই নির্ভরশীল ছিলেন। সালমানও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করতেন। যেহেতু তার কোনো বোন ছিল না, তাই শাবনূরকে বোনের মতোই দেখতেন তিনি।

তবে শাবনূর কখনো কখনো সালমানের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে—এমন ধারণা তৈরি করার চেষ্টা করতেন বলেও অভিযোগ করেন নীলা চৌধুরী। পরবর্তীতে তাদের ঘনিষ্ঠতা ঘিরেই নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

অন্যদিকে শাবনূর বরাবরই সালমান শাহর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন। তার দাবি, সালমানকে তিনি কখনো প্রেমিক হিসেবে দেখেননি; বরং ভাইয়ের মতোই সম্মান করতেন।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। পরে ‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ, যার ১৪টিতে তার নায়িকা ছিলেন শাবনূর।

‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিক্ষোভ’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’ ও ‘আনন্দ অশ্রু’সহ তাদের জুটির একাধিক সিনেমা দর্শকপ্রিয়তা পায়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পরও তার ব্যক্তিজীবন ও শাবনূরের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা থামেনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *