আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দেবেন।
মঙ্গলবার (১১ আগস্ট) নির্বাচন ভবনে অনানুষ্ঠানিক কমিশন বৈঠক শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশন থেকে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স সরবরাহ করা হবে। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসেই ভোট দেবেন এবং তাদের কাছে ব্যালট পৌঁছে দেওয়া হবে।
ভোটগ্রহণ শেষে সংসদ ভবনেই প্রাথমিকভাবে ভোট গণনা করা হবে। ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি ভোট বৈধ হয়েছে, তা গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন সরাসরি ঘোষণা করবেন। পরে এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে।
ইসি সচিব জানান, ভোটগ্রহণ শুরুর সময় সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও থাকবে। নির্বাচন পরিচালনায় সহায়তার জন্য কমিশনের ২০ কর্মকর্তা সংসদে উপস্থিত থাকবেন। তাদের বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে। নির্বাচন কমিশনাররাও চাইলে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন।
ব্যালট পেপারের বাম পাশে থাকবে ক্রমিক নম্বর, ভোটদাতা সংসদ সদস্যের নাম, ডিভিশন নম্বর ও স্বাক্ষরের স্থান। ডান পাশে থাকবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম।
১৯৯১ সালে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। ইতোমধ্যে ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিরোধী পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে এলডিপির অলি আহমদের নাম জানা গেলেও বিএনপির প্রার্থী এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।












