ইউটিউবে আয় করতে বাড়ছে ওয়াচটাইম-ভিউয়ের শর্ত

ইউটিউবে নতুন চ্যানেলের আয় করার শর্ত কঠিন করার পরিকল্পনা করেছে প্ল্যাটফর্মটি। নতুন নিয়মে ইউটিউব থেকে আয় করতে বর্তমানের তুলনায় দ্বিগুণ ওয়াচটাইম বা শর্টস ভিউ অর্জন করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হয়ে আয় করতে গত এক বছরে অন্তত ৮ হাজার ঘণ্টা মানসম্পন্ন ওয়াচটাইম প্রয়োজন হবে। আর শর্টস ভিডিও থেকে আয় করতে গত ৯০ দিনে প্রয়োজন হবে অন্তত ২ কোটি মানসম্পন্ন ভিউ

বর্তমানে ইউটিউব থেকে আয় করতে একজন নির্মাতার কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবারের পাশাপাশি গত এক বছরে ৪ হাজার ঘণ্টা ওয়াচটাইম অথবা ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ প্রয়োজন হয়। নতুন পরিকল্পনায় ওয়াচটাইম ও শর্টস ভিউয়ের সীমা দ্বিগুণ করা হচ্ছে।

শর্টস নির্মাতাদের ক্ষেত্রেও আলাদা শর্ত রাখা হয়েছে। কোনো চ্যানেলের ৯০ দিনের ভিউ নির্ধারিত সীমার নিচে নেমে গেলে তারা শর্টস থেকে আয় করতে পারবেন না। তবে দীর্ঘ ভিডিও থেকে আয় চালু থাকবে। পরে নির্ধারিত ভিউ অর্জন করতে পারলে আবার শর্টস থেকেও আয় করা যাবে।

ইউটিউব জানিয়েছে, প্ল্যাটফর্মে ভিডিও দেখার পরিমাণ দ্রুত বাড়ছে। বর্তমানে প্রতিদিন ইউটিউবে ২০ হাজার কোটির বেশি শর্টস ভিডিও দেখা হয়। পাশাপাশি টেলিভিশনে প্রতিদিন ইউটিউবের ভিডিও দেখার সময় ১০০ কোটি ঘণ্টার বেশি।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হতে পারে। তবে ইতোমধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত নির্মাতাদের ওপর নতুন শর্তের প্রভাব পড়বে না; তারা আগের নিয়মেই আয় করতে পারবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *