বলিউডের বড় পর্দার জনপ্রিয় তারকা অজয় দেবগন এবার পা রাখতে যাচ্ছেন ছোট পর্দায়। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জনপ্রিয় অপরাধভিত্তিক অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন মৌসুমে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে ‘দৃশ্যম’ ও ‘সিংহাম’খ্যাত এই অভিনেতাকে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অজয় দেবগন ইতোমধ্যে ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন মৌসুমের ১৫টি পর্বের শুটিং শেষ করেছেন। তবে আপাতত তাঁর সঙ্গে অনুষ্ঠানটির দীর্ঘমেয়াদি চুক্তি হয়নি। নতুন পর্বগুলো প্রচারের পর দর্শকদের প্রতিক্রিয়া ও অনুষ্ঠানটির দর্শকসংখ্যার ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
অজয় দেবগন নিজেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় ভিডিও প্রকাশ করে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছিলেন। ভিডিওতে তিনি সরাসরি ‘ক্রাইম পেট্রোল’-এর নাম উল্লেখ না করলেও একটি রহস্যময় ঘটনার সত্য উন্মোচনের ইঙ্গিত দেন। তাঁর গম্ভীর উপস্থাপনা দেখে অনেকেই তখন ধারণা করেছিলেন, নতুন কোনো প্রকল্প নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি।
দীর্ঘদিন ধরে ‘ক্রাইম পেট্রোল’-এর সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত ছিল অভিনেতা অনুপ সোনির নাম। তাঁর গম্ভীর উপস্থাপনা এবং সতর্কতামূলক বার্তা দর্শকদের কাছে অনুষ্ঠানটির অন্যতম পরিচিত বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। বিভিন্ন সময়ে শক্তি আনন্দ, দিনাকর পুন্ডির, সাক্ষী তানওয়ার, দিব্যাঙ্কা ত্রিপাঠী ও আশুতোষ রানার মতো তারকারাও অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন।
এবার সেই জায়গায় অজয় দেবগনের মতো বড় তারকার আগমন অনুষ্ঠানটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। বড় পর্দায় পুলিশ কর্মকর্তা ও অপরাধ তদন্তকারী চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয় অজয় এবার বাস্তব অপরাধের গল্প উপস্থাপনের মাধ্যমে দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারেন, সেটিই দেখার বিষয়।
নতুন মৌসুমে অজয় দেবগনের পাশাপাশি ‘মির্জাপুর’খ্যাত অভিনেতা রাজেশ তাইলাংকেও দেখা যাবে বলে জানা গেছে। তবে তিনিও কতগুলো পর্বে থাকবেন, তা এখনো চূড়ান্ত নয়। অনুষ্ঠানটির দর্শকপ্রতিক্রিয়ার ওপর ভবিষ্যৎ পর্বের পরিকল্পনা নির্ভর করবে।
বলিউডের বড় তারকারা টেলিভিশনে কাজ করে এর আগেও দর্শকদের প্রশংসা পেয়েছেন। অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের পর অজয় দেবগনের ছোট পর্দায় আগমন তাই বিনোদন অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এখন মূল প্রশ্ন—‘সিংহাম’ ও ‘দৃশ্যম’-এর মতো সিনেমায় দর্শকদের মুগ্ধ করা অজয় দেবগন ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালক হিসেবে কতটা সফল হন। নতুন মৌসুম প্রচারে আসার পরই এর উত্তর মিলবে।
তথ্যসূত্র: এনডিটিভি ও এএনআই












