কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকায় এ উপলক্ষে এক দিন ছুটি রাখা হয়েছে।

ছুটির আওতায় থাকবে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত কলেজগুলোও বুধবার বন্ধ থাকবে। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক বিজ্ঞপ্তিতে ছুটি ঘোষণা করেছে।

তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি নেই। এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।

আখেরি চাহার সোম্বা কী

‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা বলা হয়।

মুসলিম সমাজে দিনটি বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়ে থাকে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ, ওয়াজ, জিকির ও মোনাজাতের আয়োজন করা হয়।

তবে আখেরি চাহার সোম্বা পালনের বিভিন্ন আনুষ্ঠানিকতা ও এর ধর্মীয় ভিত্তি নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *