সড়ক দুর্ঘটনায় এ আর রহমানের ছেলে আমিন আহত

চেন্নাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমানের ছেলে ও গায়ক এ আর আমিন। সোমবার (১০ আগস্ট) ভোরে একটি ক্যাবের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হলে তিনি ও তার এক বন্ধু সামান্য আহত হন।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা গেছে, ভোর সাড়ে ৩টার দিকে আমিন ও তার বন্ধু জওহরলাল নেহরু রোড দিয়ে গুইন্ডির দিকে যাচ্ছিলেন। অলিম্পিয়া টেক পার্কের কাছে একটি পাশের সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় তাদের গাড়ির সঙ্গে ক্যাবটির সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় দুই গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। আমিন ও তার বন্ধুকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ক্যাবে থাকা এক যাত্রীও আহত হন। তাকেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে আদিয়ার ট্রাফিক ইনভেস্টিগেশন উইং। তদন্তকারীরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি দুই গাড়ির চালক ও যাত্রীদের বক্তব্য নিচ্ছেন।

এ আর আমিন সংগীতশিল্পী হিসেবে নিজের পরিচয় তৈরি করেছেন। বাবা এ আর রহমানের সঙ্গে বিভিন্ন সংগীতানুষ্ঠান ও প্রকল্পেও কাজ করেছেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *